নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: লোকসভা নির্বাচনে দলের ফল পুর এলাকায় খারাপ হয়েছে। তারই প্রেক্ষিতে সম্প্রতি হুগলির চুঁচুড়া ও বাঁশবেড়িয়া পুরসভার দুই দলীয় চেয়ারম্যানকে পদত্যাগের নির্দেশ দিয়েছিল দল। এনিয়ে দলের জেলা নেতৃত্বের কাছ থেকে স্পষ্ট নির্দেশ পেয়েছেন দুই পুরপ্রধান। তারপরই সোমবার চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান অমিত রায় জানালেন, তিনি দ্রুত দলের কাছে পদত্যাগ পত্র পাঠিয়ে দেবেন। তিনি বলেন, দলের নির্দেশই শেষ কথা। একই দাবি করেছেন বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগী। তবে বাঁশবেড়িয়ায় কার্তিক পুজোর মরশুম শুরু হতে যাচ্ছে। এই অবস্থায় পুরপ্রধানের পদত্যাগ কতটা যুক্তিযুক্ত হবে তা নিয়ে চর্চা শুরু হয়েছে। প্রসঙ্গত, ২০ নভেম্বরর শোভাযাত্রা দিয়ে কার্তিক পুজোর পর্ব শেষ হবে। সোমবার চুঁচুড়ায় এসে অবশ্য দলের অভিমত স্পষ্ট করেছেন হুগলি-শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি অরিন্দম গুঁইন। তিনি বলেন, দলের নির্দেশের কথা দুই পুরপ্রধানকে জানানো হয়েছে। তাঁরা দু’জনেই জানিয়েছেন, দলের নির্দেশই তাঁদের কাছে শেষ কথা। তবে চেয়ারম্যানদের অনেক দায়িত্ব থাকে। সেই কারণে আমরা কিছুটা সময় তাঁদের দেব।



