Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

গঙ্গারামপুরে রাজার ভূমিকায় থাকবেন পুরসভার চেয়ারম্যান

গঙ্গারামপুরে রাজার ভূমিকায় থাকবেন পুরসভার চেয়ারম্যান
  • ২৭ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সোমেন পাল  গঙ্গারামপুর

Advertisement

৫৭তম বর্ষে পা রাখল বুনিয়াদপুর পীরতলা সর্বজনীন জগন্নাথ দেবের রথ। গঙ্গারামপুরে ইস্কনের রথের রাজার ভূমিকায় থাকবেন পুর চেয়ারম্যান প্রশান্ত মিত্র। গঙ্গারামপুর মহকুমায় পুরনো রথের মধ্যে অন্যতম বুনিয়াদপুর সর্বজনীন জগন্নাথ দেবের রথ। চার চাকা বিশিষ্ট ৬০ ফুট উচ্চতার জগন্নাথ দেবের রথ এবারেও পুরনো ঐতিহ্য মেনে রশিদপুর মাসির বাড়ির উদ্দেশে রওনা হবে। পীরতলা কালীমন্দির চত্বরে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার পুজো ও অন্নভোগ শেষে বিকেল ৪টার দিকে রথ বুনিয়াদপুর শহর পরিক্রমা করে রশিদপুর মাসির বাড়িতে যাবে। রথযাত্রা উপলক্ষ্যে মেলা বসছে। মাসির বাড়িতে রথযাত্রা কমিটির পক্ষ থেকে সাত দিন ধরে অন্নভোগ ও নাম সংকীর্তন, ভাগবত পাঠ ভক্তদের মধ্যে দৈনিক প্রসাদ বিতরণের ব্যবস্থা থাকছে। পুনরায় জগন্নাথ দেব মাসির বাড়ি থেকে নিজের বাড়ি ফিরবেন। উল্টোরথ উপলক্ষ্যে পীরতলা এলাকায় মেলার আসর বসাবে রথ কমিটি।  রথযাত্রা কমিটির সম্পাদক প্রশান্ত তিওয়ারি বলেন, গত বছর থেকে রথ আমরা পরিচালনা করছি। এবারে রথের সারথির সঙ্গে রাজ বেশে জগন্নাথ দেবের রথের রাস্তা ঝাড়ু দিয়ে পরিষ্কার করবেন গঙ্গারামপুর মহকুমা শাসক অভিষেক শুক্লা। রথ উপলক্ষ্যে যাবতীয় অনুষ্ঠান আমরা মাসির বাড়িতে করব। উল্টো রথে মেলা হবে একদিনের জন্য। অপরদিকে গঙ্গারামপুর শহরের বুকে সবচেয়ে পুরনো রথের মধ্যে রয়েছে অন্যতম ব্লকপাড়া জগন্নাথ দেবের রথ। ৪১তম বর্ষে এবারেও পুরনো ঐতিহ্য মেনে জগন্নাথ দেবের মন্দিরে পুজো ও ভোগ নিবেদনের পর মন্দির থেকে রথে তোলা হবে। গঙ্গারামপুর শহর জুড়ে রথ পরিক্রমা করার পর কায়াস্থ পাড়া গৌতম বসাকের বাড়িতে (মাসির বাড়ি) জগন্নাথ দেব আট দিন থাকবেন। 
১০ দিন ধরে ব্লকপাড়া জগন্নাথ দেবের মন্দির চত্বরে চলবে বিশেষ ধর্মীয় অনুষ্ঠান। এই রথযাত্রা কমিটির সম্পাদক সাধন সাহা বলেন, আমাদের মন্দিরে ১২ মাস জগন্নাথ দেবের অন্নভোগ হয়। আমরা পুরীর জগন্নাথ দেবের রথযাত্রার নিয়ম মেনেই রথ পরিচালনা করি।  আমাদের সেবায়েত রাজ বেশে থাকেন। বর্তমানে গঙ্গারামপুর শহরে ইস্কনের রথযাত্রা এক বিশেষ মাত্রা পেয়েছে। ৯তম বর্ষে পা রাখলো গঙ্গারামপুর ইস্কনের রথযাত্রা। শহরের অধিকাংশ মানুষ এই রথেই ভিড় জমায়। রীতি মেনে রথে রাজার বেশে থাকবেন গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র। কালদিঘি মহামায়া মন্দির থেকে পূজার্চনা হয়ে শহর পরিক্রমা করে মাসির বাড়ি কালীতলা নাটমন্দিরে আট দিন ধরে চলে ধুমধাম করে পুজো ও ধর্মীয় অনুষ্ঠান। ইস্কন রথযাত্রা কমিটির অন্যতম সদস্য উজ্জ্বল সরকার বলেন, ইস্কনের তরফে আমরা জগন্নাথ দেবের রথযাত্রা পরিচালনা করি।  ফাইল চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ