১৮ আগষ্ট, মুম্বই: ফের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই ও সংলগ্ন শহরতলি। টানা বৃষ্টির জেরে জলমগ্ন বাণিজ্য নগরী। যার জেরে সোমবার সকাল থেকেই বিপর্যস্ত মুম্বইয়ের জনজীবন। ভারী যানজটের কারণে ধীরে চলছে ট্রাফিক। ব্যাপক বৃষ্টিপাতের জেরে স্কুল, কলেজেও ছুটির নির্দেশ দেওয়া হয়েছে।
এক সরকারি আধিকারিক জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় শহরে ৫৪ মিমি-এর বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পূর্ব ও পশ্চিম অংশে যথাক্রমে ৭২ মিমি এবং ৬৫ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ইতিমধ্যেই আবহাওয়া অফিসের তরফে অ্যালার্টও জারি করা হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়া নানা ভিডিওতে দেখা যাচ্ছে, মুম্বই ও শহরতলির বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হওয়ায় ধীরে চলছে যানবাহন। ট্রাফিকে আটকে পড়েছে হাজার হাজার গাড়ি। ফলে একদিকে বৃষ্টি, অন্যদিকে যানজটেও নাকাল হতে হচ্ছে মুম্বইবাসীকে। খারাপ আবহাওয়ার জেরে বিমানবন্দরের উড়ানেও প্রভাব পড়েছে বলে জানিয়েছে এয়ারপোর্ট কর্তৃপক্ষ। মুম্বইয়ের লাইফলাইন লোকাল ট্রেনগুলিও গড়ে ১৫-২০ মিনিট ধরে দেরিতে চলছে বলে জানা গিয়েছে।