Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ছন্দে ফিরতে মরিয়া মুম্বই

চলতি আইপিএলের শুরুটা মন্দ করেনি মুম্বই ইন্ডিয়ান্স। প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়েছিল তারা। কিন্তু তারপরই ছন্দপতন

ছন্দে ফিরতে মরিয়া মুম্বই
  • ২০ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

আমেদাবাদ: চলতি আইপিএলের শুরুটা মন্দ করেনি মুম্বই ইন্ডিয়ান্স। প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়েছিল তারা। কিন্তু তারপরই ছন্দপতন। শেষ চার ম্যাচ হেরে রীতিমতো ধুঁকছে হার্দিক-ব্রিগেড। এমন পরিস্থিতিতে সোমবার গুজরাত টাইটান্সের বিরুদ্ধে নামছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। জয়ের রাস্তায় ফিরতে মরিয়া মুম্বই। তবে লড়াইটা সহজ হবে না। কারণ, টানা তিন ম্যাচ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে শুভমান গিলরা। ঘরের মাঠে তাঁরাও ছেড়ে কথা বলবেন না।

Advertisement

অতীতে কঠিন পরিস্থিতি থেকে একাধিকবার ঘুরে দাঁড়ানোর নিদর্শন রয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের। সেটাই অনুপ্রেরণা জোগাচ্ছে হার্দিকদের। তবে রোহিত শর্মার চোট চিন্তায় রেখেছে ম্যানেজমেন্টকে। বেঙ্গালুরুর বিরুদ্ধে চোট পাওয়ার পর গত ম্যাচে খেলেননি হিটম্যান। সোমবারের লড়াইয়েও অনিশ্চিত তিনি। এমন অবস্থায় জয়ে ফিরতে ব্যাটিং বিভাগকে বাড়তি দায়িত্ব নিতে হবে। বিশেষ করে মিডল অর্ডারকে। পাঞ্জাবের বিরুদ্ধে রোহিতের পরিবর্তে ওপেন করতে নেমে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন কুইন্টন ডি’কক। তবুও দুশো টপকায়নি স্কোর। সূর্যকুমারের ব্যাটিংয়ে ধারাবাহিকতার অভাব স্পষ্ট। দিল্লির বিরুদ্ধে অর্ধশতরান হাঁকানোর পর আর বড় রান পাননি তিনি। তিলক ভার্মার অবস্থা আরও খারাপ। পাঁচ ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছে মাত্র ৪৩ রান। ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়াও ছন্দে নেই। মুম্বইয়ের বোলিংয়ের অবস্থা আরও খারাপ। যশপ্রীত বুমরাহ টানা ৫ ম্যাচে কোনো উইকেট পাননি। পাশাপাশি দীপক চাহার, শার্দূল ঠাকুরদের পারফরম্যান্সও পাতে দেওয়ার মত নয়। ঘুরে দাঁড়াতে হলে বোলারদের জেগে উঠতে হবে।
পক্ষান্তরে, গুজরাতের বড় ভরসা টপ অর্ডার। শুভমান গিল, সাই সুদর্শন, জস বাটলাররা নিয়মিত রান পাচ্ছেন। তবে মিডল অর্ডারে গ্লেন ফিলিপস, ওয়াশিংটন সুন্দর, রাহুল তেওয়াটিয়ারা এখনও সেভাবে নিজেদের মেলে ধরতে পারেননি। বোলিংয়ে ভরসা জোগাচ্ছেন রাবাডা, সিরাজ, রশিদরা।

সম্পর্কিত সংবাদ