মুম্বই: নাগাড়ে বৃষ্টি। তারইমধ্যে পড়ুয়াদের বিক্ষোভ। নিটের প্রশ্নফাঁসের প্রতিবাদে দেশজুড়ে আন্দোলন ছড়িয়েছে। মুম্বইও তার ব্যতিক্রম নয়। সেখানে স্লোগানরত বিক্ষোভকারীদের কয়েকজনকে ভ্যানে তুলে নেয় পুলিশ। এরইমধ্যে নাটকীয় মোড়। পুলিশ ভ্যানের সামনে চলে এলেন এক তরুণী। একা। হুডি দিয়ে মাথা ঢাকা। বনেটে হাত দিয়ে আটকে দিলেন ভ্যান। মুখে তখন ‘ইনকিলাব জিন্দাবাদ’ ও শিক্ষামন্ত্রীর ইস্তফা চেয়ে স্লোগান। দাবি করেন, আটক পড়ুয়াদের অবিলম্বে ছেড়ে দিতে হবে। তাঁর অবিচল সাহসী প্রতিবাদ দেখে এগিয়ে আসেন অন্যান্যরাও। তাঁর জেদের সামনে পুলিশকে শেষমেশ হার মানতে হয়। ছেড়ে দেওয়া হয় আটক পড়ুয়াদের। বুধবার নিট প্রশ্ন ফাঁসের প্রতিবাদে মুম্বইয়ের শিবাজি পার্কে ছাত্র বিক্ষোভের এই ভিডিয়ো ঝড় তুলেছে দেশজুড়ে। পুলিশের সঙ্গে এক তরুণীর এই সাহসী লড়াইকে কুর্নিশ জানাচ্ছে যুব সমাজ।
দাদরে শিবসেনা ভবনের সামনে পড়ুয়াদের বিক্ষোভ চলাকালে ভ্যানের বনেটে হাত দিয়ে দাঁড়িয়ে পড়েন ওই তরুণী। জানা
গিয়েছে, তরুণীর নাম রিয়া আহির। পেশায় মডেল।
পুলিশকে বিক্ষোভরত পড়ুয়াদের ভ্যানে তুলতে দেখে এগিয়ে আসেন তিনি।
বিক্ষোভের এই ভিডিয়োর জেরে রীতিমতো আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন রিয়া। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ভ্যানটি ভরতি ছিল। পুলিশকর্মীরা সিঁড়িতে ঝুলছিলেন। আটক পড়ুয়ারা ভিতর থেকেই স্লোগান তুলছিল। সেই দৃশ্য দেখে বিচলিত হয়ে পড়ি। সোজা ভ্যানের সামনে গিয়ে গাঁড়াই। আমি পুলিশকে গিয়ে জিজ্ঞেস করি, তাদের কাছে গ্রেপ্তারির মেমো আছে কি না। ওরা কোনো উত্তর দিতে পারেনি।’ তিনি আরও বলেন, ‘ভেবেছিলাম পুলিশকে পড়ুয়াদের নিয়ে যেতে দিলে সচেতন নাগরিক হিসাবে দায়িত্ব পালনে ব্যর্থ হব। আমি জানতাম যে পুলিশ ভুল করছে। প্রত্যেককে নিজেদের অধিকার জানতে হবে। একজন নাগরিক হিসাবে শুধু নিজের অধিকার প্রয়োগ করেছি।’