১৬ আগষ্ট, মুম্বই: টানা বৃষ্টির দাপটে বিধ্বস্ত মুম্বই। শুক্রবার রাত থেকে একটানা বৃষ্টির জেরে বাণিজ্য নগরীতে বিপর্যস্ত যানচলাচল। বলা চলে কার্যত জলের নীচে মুম্বইয়ের একাধিক রাস্তা। ফলে আমজনতার দৈনন্দিন জীবনেও মারাত্মক প্রভাব পড়েছে। সরকারি ভাবে জানানো হয়েছে, একটি আবাসিক সোসাইটিতে দেওয়াল ভেঙে পড়ে মৃত্যু হয়েছে ২ জনের।
বিএমসি-র তরফে জানানো হয়েছে, সিওন, কুরলা, চেম্বুর এবং আন্ধেরি-সহ বেশ কয়েকটি এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। সিওনের শানমুখানন্দ হল রোডে জল জমেছে প্রায় এক থেকে দেড় ফুট। ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়ে জলমগ্ন থাকায় শনিবার সকালে আটকে পড়ে একাধিক যানবাহন। এছাড়া, একাধিক স্টেশনে রেললাইনও ছিল জলের তলায়। ফলে মুম্বইয়ের ‘লাইফ লাইন’ হিসেবে পরিচিত লোকাল ট্রেন পরিষেবাও বিঘ্নিত হয়।
হাওয়া অফিসের পরিসংখ্যান বলছে, শুক্রবার রাত ১১টা থেকে শনিবার ভোর ৫টা পর্যন্ত রাতভর ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এমনকী আগামী কয়েক ঘন্টাও মুম্বই ও আশেপাশের এলাকায় ভারী বৃষ্টিপাত হতে পারে বলে বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আইএমডি।