নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পরপর ৩ ম্যাচেই পরাস্ত মুম্বই। নিজেদের ঘরের মাঠেই হার তাদের। আজ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাঞ্জাবের অধিনায়ক শ্রেয়স আয়ার। মুম্বইয়ের হয়ে প্রথমে ওপেনিং করতে আসেন রিকেলটন ও ডি'কক। চোটের কারণে আজ খেলা থেকে বিরতি নিতে হয়েছে রোহিতকে। আর তার জেরেই আজ মাঠে নামানো হয়েছিল ডি'কককে। দ্বিতীয় ওভারেই ধাক্কা খায় মুম্বই। মাত্র দু'রান করে আউট হয়ে যান রিকেলটন। দলের রান তখন ১২। এরপর হাল ধরতে আসেন সূর্যকুমার। কিন্তু ০ রানেই আউট হয়ে ফিরে যেতে হয় তাঁকে। ম্যাচের হাল ধরেন নমন-ডি'কক জুটি। নমনের অর্ধ শতরান ও ডি'কককের শতরানের দুরন্ত ইনিংস ঘুরিয়ে দেয় ম্যাচের হাওয়া। কিন্তু অর্ধ শত রান করেই আউট হয়ে যান নমন। ব্যাটিং করতে আসেন মুম্বইয়ের অধিনায়ক হার্দিক। কিন্তু ১২ বলে মাত্র ১৪ রান করেই আউট হয়ে যান তিনিও। নমন আউট হয়ে যাওয়ার পর ডি'কক ছাড়া মুম্বইয়ের হয়ে বড় রানের ইনিংস কেউই খেলতে পারেননি। শেষ পর্যন্ত ৬ উইকেট খুইয়ে মুম্বই তোলে ১৯৫ রান। পাঞ্জাবের হয়ে সর্বোচ্চ উইকেট নেন অর্শদ্বীপ সিং।



