Bartaman Logo
১৪ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ওয়াংখেড়েতে আজ মুম্বই-চেন্নাই দ্বৈরথ

আইপিএলের অন্যতম দুই সফল দল মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। দু’টি ফ্র্যাঞ্চাইজিই ৫বার করে খেতাব জিতেছে। তবে চলতি আসরে ধারাবাহিকতার অভাবে ছন্নছাড়া দেখাচ্ছে তাদের।

ওয়াংখেড়েতে আজ মুম্বই-চেন্নাই দ্বৈরথ
  • ২৩ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: আইপিএলের অন্যতম দুই সফল দল মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। দু’টি ফ্র্যাঞ্চাইজিই ৫বার করে খেতাব জিতেছে। তবে চলতি আসরে ধারাবাহিকতার অভাবে ছন্নছাড়া দেখাচ্ছে তাদের। মুম্বই ও চেন্নাই ৬ ম্যাচে সমান ৪ পয়েন্ট নিয়ে টেবিলে যথাক্রমে সপ্তম ও অষ্টম স্থানে রয়েছে। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার ওয়াংখেড়েতে একে অপরের বিরুদ্ধে লড়াইয়ে নামছে। কে কাকে টেক্কা দেয়, সেটাই দেখার।

Advertisement

অতীতে এই ম্যাচকে ধোনি-রোহিতের দ্বৈরথ হিসেবে দেখা হত। তবে এবার দুই মহাতারকাই চোটগ্রস্ত। কাফ মাসলের সমস্যায় মাহি এখনও পর্যন্ত কোনো ম্যাচেই খেলতে পারেননি। আর হ্যামস্ট্রিংয়ের কারণে রোহিতকেও গত দু’টি ম্যাচে মাঠে দেখা যায়নি। তবে অনুরাগীদের জন্য সুখবর, বৃহস্পতিবারের লড়াইয়ে দু’জনই ফিরতে পারেন। সেক্ষেত্রে আরও একবার ধোনি-রোহিত দ্বৈরথের সাক্ষী থাকবে ওয়াংখেড়ে। তবে পুরোটাই নির্ভর করছে তাঁদের ফিটনেসের উপর।
টুর্নামেন্টের শুরুটা অবশ্য মন্দ করেনি মুম্বই। প্রথম ম্যাচে কেকেআরকে হারিয়েছিল তারা। তবে পরের ৪ ম্যাচ টানা হেরে চাপে পড়ে যায় হার্দিক পান্ডিয়ার দল। গত ম্যাচে অবশ্য তিলক ভার্মার দুরন্ত শতরানে জয়ের সরণিতে ফিরেছে মুম্বই। সেই ছন্দ ধরে রেখে এখন প্লে-অফে যোগ্যতা অর্জনই পাখির চোখ তাদের। তিলক ছাড়াও ব্যাটিংয়ে মুম্বইকে ভরসা জোগাচ্ছেন কুইন্টন ডি’কক, নমন ধীর, রাদারফোর্ড। তবে সূর্যকুমার যাদব ও হার্দিক পান্ডিয়াদের পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাব স্পষ্ট। তাই রোহিত ফিরলে ব্যাটিংয়ে গভীরতা বাড়বে। বোলিংয়েও চিন্তা আছে। এবারের আসরে প্রথম ৫ ম্যাচ উইকেটহীন ছিলেন বুমরাহ। গত ম্যাচে যদিও সেই খরা কাটিয়েছেন। এছাড়া গুজরাতের বিরুদ্ধে অশ্বিনী চার উইকেট নিয়ে নজর কেড়েছিলেন। ট্রেন্ট বোল্ট ও দীপক চাহার যদিও ফর্মে নেই। 
পক্ষান্তরে, পরিসংখ্যান চেন্নাইয়ের পক্ষে। শেষ ৫ সাক্ষাতের মধ্যে ৪টিতে মুম্বইকে হারিয়েছে তারা। এবার যদিও চেনা ছন্দের ধারেকাছে নেই হলুদ জার্সিধারীরা। হারের হ্যাটট্রিকে আসর শুরু করেছিল চেন্নাই। যদিও পরের দু’টি ম্যাচ জিতে ঘুরের দাঁড়ানোর ইঙ্গিত দেয় হলুদ জার্সিধারীরা। তবে গত ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের সামনে আবারও মুখ থুবড়ে পড়ে তারা। তারমধ্যেই গোদের উপর বিষফোঁড়া, চোট পেয়ে ফর্মে থাকা আয়ূষ মাত্রে টুর্নামেন্ট থেকেই ছিটকে গিয়েছেন। ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়া‌ড়ও ফর্ম হাতড়ে বেড়াচ্ছেন। তবে বোলিংয়ে ভরসা জোগাচ্ছেন অংশুল কাম্বোজ, জেমি ওভার্টন, নুর আহমেদরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ