নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও হাওড়া: হাওড়া রামরাজাতলার বাড়িতে বাজি তৈরির সময় বিস্ফোরণে জখম শ্রমিকের মৃত্যু হয়েছে রবিবার বিকেলে। কলকাতার এম আর বাঙ্গুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল আকাশ হেলা (৩২) নামের ওই শ্রমিককে। বাড়ির মালিক প্রদীপ লাহিড়ীকে রবিবার রাতেই গ্রেফতার করেছে চ্যাটার্জিহাট থানার পুলিশ। শুধু পুজো উপলক্ষ্যেই নয়, বিয়েবাড়ির বরাত হিসেবেও বাজি বানানো হতো ওই বাড়িটিতে। এমনকী অভিযুক্ত বেশ কয়েকটি গোডাউনে বাজি তৈরির সরঞ্জাম মজুত করে রাখত বলেও সন্ধান পেয়েছে পুলিশ। সোমবার অভিযুক্ত প্রদীপ লাহিড়ীকে হাওড়া জেলা আদালতে তোলা হলে বিচারক তিনদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। মামলার সরকারি কৌঁসুলি তারাগতি ঘটক বলেন, ‘বাজি তৈরি ছাড়াও বাজির সরঞ্জাম মজুত করে রাখত অভিযুক্ত।’ পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাওড়ার কয়েকটি গোডাউনের কথা উল্লেখ করেছে অভিযুক্ত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এর মধ্যে দুটি গোডাউনে প্রচুর পরিমাণে বাজি তৈরির সরঞ্জাম রাখা রয়েছে। হাওড়া ও কলকাতার স্থানীয় বাজার বাদেও বিভিন্ন জেলা এমনকি বিহার, ঝাড়খণ্ডের মতো ভিনরাজ্যেও এই বাজি পাঠানো হতো। সেসব রাজ্যে বিয়েবাড়ির বরাত হিসেবে বাজি তৈরি করত অভিযুক্ত। প্রসঙ্গত, রামরাজাতলার অম্বিকা কুণ্ডু লেনে কেবল ব্যবসায়ী প্রদীপ লাহিড়ীর বাড়িতে কালীপুজো উপলক্ষ্যে বাজি বানানোর কাজ চলছিল। শনিবার বিকেলে আচমকা বিস্ফোরণে গুরুতর জখম হন আকাশ হেলা নামের এক শ্রমিক। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।



