Bartaman Logo
১৪ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

ভেঙেছে একাধিক গাছ, বিদ্যুতের খুঁটি প্রবল ঝড়ে লন্ডভন্ড ভাতজাংলা, বাড়িঘর ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতি

বৃহস্পতিবার সন্ধ্যায় প্রবল ঝড়ে কৃষ্ণনগর ১ ব্লকের ভাতজাংলার পালপাড়া, বকুলতলা পাড়া, বাদকুল্লার মোড়, বসাকপাড়া সহ একাধিক জায়গা লন্ডভন্ড হয়ে যায়।

ভেঙেছে একাধিক গাছ, বিদ্যুতের খুঁটি প্রবল ঝড়ে লন্ডভন্ড ভাতজাংলা, বাড়িঘর ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতি
  • ৬ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কৃষ্ণনগর: বৃহস্পতিবার সন্ধ্যায় প্রবল ঝড়ে কৃষ্ণনগর ১ ব্লকের ভাতজাংলার পালপাড়া, বকুলতলা পাড়া, বাদকুল্লার মোড়, বসাকপাড়া সহ একাধিক জায়গা লন্ডভন্ড হয়ে যায়। ঝড়ের তীব্রতায় বহু কাঁচা ও আংশিক পাকা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি, উপড়ে গিয়েছে বড় বড় গাছ। বিভিন্ন এলাকায় বিদ্যুতের তার ছিঁড়ে রাস্তায় পড়ে থাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে হঠাৎ কালো মেঘে আকাশ ঢেকে যায়। কিছুক্ষণের মধ্যেই শুরু হয় প্রবল ঝড়ো হাওয়া আর বিদ্যুৎ চমক। ঝড়ের বেগ এতটাই বেশি ছিল যে, একাধিক গাছপালা ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে। বহু কাঁচা বাড়ির টিনের চাল, বাঁশের খুঁটি উড়ে গিয়ে দূরে ছিটকে পড়ে। কোথাও কোথাও সেই চাল ও গাছের ডালে গিয়ে ঝুলে থাকতে দেখা গিয়েছে।
ক্ষতিগ্রস্ত বাসিন্দারা জানান, অল্প সময়ের ঝড়েই তাঁদের বহু ক্ষতি হয়ে গিয়েছে। বাড়িঘর ভেঙে এখন খুব বিপদের মধ্যে আছে সবাই। বাড়িতে কাজের প্রচুর মেশিন, টিভি নষ্ট হয়ে গেছে। আমরা সকলেই গরিব মানুষ। কীভাবে এই ক্ষতি সামাল দেব সেটাই চিন্তার। অনেকেই শিশু ও বৃদ্ধ সদস্যদের নিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন।
ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে জলি বিশ্বাসের বাড়ি। তাঁদের ঘরের দেওয়ালের কিছু ইট ভেঙে পড়েছে। সিঁড়ি ঘরের খুব ক্ষতি হয়েছে এবং ছাদে টিনের শেড দেওয়া একটি গেঞ্জির কারখানা ছিল। সেখানে পাঁচটি মেশিন ছিল। ঝড়ের ফলে সেই ঘর উড়ে গিয়েছে। মেশিনগুলো সব পুড়ে গিয়েছে। তিনি বলেন, ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা শুরু করেছিলাম। এখন কী করব কিছুই বুঝতে পারছি না। সরকারি সাহায্য পেলে উপকার হতো। 
বকুলতলার বাসিন্দা বিথিন বিশ্বাস বলেন, বেশ কয়েকবছর পর এত তীব্র ঝড় দেখলাম। বহু গাছ রাস্তার উপর পড়ে রয়েছে। বিদ্যুতের খুঁটি ভেঙে যাওয়ায় এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। রাত থেকেই এলাকার মানুষ চরম দুর্ভোগের মধ্যে রয়েছে। অনেক মানুষের ঘরবাড়ি ভেঙে যাওয়ায় তাঁরা বিপদে পড়েছেন। ঝড় থেমেছে, কিন্তু তার ক্ষতচিহ্ন রয়ে গিয়েছে ভাতজাংলার সর্বত্র। এখনও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে বহু পরিবার। ক্ষতিগ্রস্ত পরিবারগুলি সরকারি সাহায্যের দিকে তাকিয়ে রয়েছেন।

Advertisement

 

Advertisement
সম্পর্কিত সংবাদ