Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement
বর্তমান / রাজ্য

আগামী ৩ মাসে পুরীগামী একাধিক ট্রেন বাতিল, হতাশ ভ্রমণপিপাসুরা

ভ্রমণপিপাসু যাত্রীদের জন্য দুঃসংবাদ! আগামী তিন মাস পুরীগামী তিন জোড়া ট্রেন বাতিল করল দক্ষিণ-পূর্ব রেল। যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে ১৫ জোড়া ট্রেনের

আগামী ৩ মাসে পুরীগামী একাধিক  ট্রেন বাতিল, হতাশ ভ্রমণপিপাসুরা
  • ১ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, খড়্গপুর: ভ্রমণপিপাসু যাত্রীদের জন্য দুঃসংবাদ! আগামী তিন মাস পুরীগামী তিন জোড়া ট্রেন বাতিল করল দক্ষিণ-পূর্ব রেল। যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে ১৫ জোড়া ট্রেনের। মার্চ থেকে মে মাসের মধ্যে বিভিন্ন দিনে এই ট্রেন বাতিল করা হয়েছে বলে রেল সূত্রে জানা গিয়েছে। স্বাভাবিকভাবেই হতাশ যাত্রীরা। পুরী স্টেশনে অমৃত ভারত প্রকল্পের কাজের জন্যই এই ট্রেন বাতিল ও যাত্রাপথ সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত বলে দক্ষিণ-পূর্ব রেলের খড়্গপুর ডিভিশনের এক আধিকারিক জানিয়েছেন।

Advertisement

দক্ষিণ-পূর্ব রেলের বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে,  ০২৮৩৯ শালিমার-পুরী স্পেশাল ট্রেনটি মার্চ মাসের ১৫, ২২ ও ২৯ তারিখে, এপ্রিল মাসের ৫, ১২, ১৯ ও ২৬ তারিখে এবং মে মাসের ৩ ও ১০ তারিখে বাতিল থাকছে। ০২৮৪০ পুরী-শালিমার স্পেশাল ট্রেনটি মার্চ মাসের ১৬, ২৩ ও ৩০ তারিখে, এপ্রিল মাসের ৬, ১৩, ২০ ও ২৭ তারিখে এবং মে মাসের ৪ ও ১১ তারিখে বাতিল করা হয়েছে। ০৮০১১ ভঞ্জপুর-পুরী স্পেশাল ট্রেনটি ১৪, ১৯, ২১, ২৬ ও ২৮ তারিখে, এপ্রিল মাসের ২, ৪, ৯, ১১, ১৬, ১৮, ২৩, ২৫ ও ৩০ তারিখে এবং মে মাসের ২, ৭, ৯, ১৪, ১৬ তারিখে চলবে না। ০৮০১২ পুরী-ভঞ্জপুর স্পেশাল ট্রেনটি মার্চ মাসের ১৫, ২০, ২২, ২৭, ২৯ তারিখে, এপ্রিল মাসের ৩, ৫, ১০, ১২, ১৭, ১৯, ২৪, ২৬ তারিখে এবং মে মাসের ১, ৩, ৮, ১০ ও ১৫ তারিখে বাতিল করা হয়েছে। ৬৮৪০৯ খুড়দা রোড-পুরী মেমু ট্রেনটি মার্চ মাসের ১৫ থেকে ৩১ তারিখ পর্যন্ত, এপ্রিল মাসের ১ থেকে ৩০ তারিখ পর্যন্ত এবং মে মাসের ১ থেকে ১৫ তারিখ পর্যন্ত চলবে না। ঠিক একইভাবে ৬৮৪১০ পুরী-খুড়দা রোড মেমু ট্রেনটিও যথাক্রমে মার্চ, এপ্রিল ও মে মাসের উপরোক্ত দিনগুলিতে বাতিল করা হয়েছে।
এছাড়া মার্চ, এপ্রিল ও মে মাসের বিভিন্ন দিনে পুরীগামী মোট ৩০টি এক্সপ্রেস, দুরন্ত এক্সপ্রেস এবং মেমু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। এই তালিকায় লোকমান্য তিলক-পুরী-লোকমান্য তিলক (১২১৪৫/১২১৪৬) এক্সপ্রেস থেকে শুরু করে শিয়ালদহ-পুরী-শিয়ালদহ (২২২০১-২২২০২) দুরন্ত এক্সপ্রেসের মতো গুরুত্বপূর্ণ ট্রেন রয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ-পূর্ব রেলওয়ের আধিকারিকরা। এদিকে, দোলের পর ছেলেমেয়েদের মার্চ মাসের ছুটিতে বহু অভিভাবকই পুরী যাত্রার কথা ভেবেছিলেন। রেলের এই ঘোষণায় তাঁরা হতাশ। খড়্গপুর শহরের বাসিন্দা শুভ্রকান্তি ছেত্রী, রাজা শীট প্রমুখ বলেন, ছেলেমেয়েদের বার্ষিক পরীক্ষা শেষ হচ্ছে। ভেবেছিলাম মার্চ মাসের মাঝামাঝি সময়ে একটু পুরী ঘুরে আসব। সেই সিদ্ধান্ত বাতিল করতে হবে। এমনিতেই এখন সারা বছরের বেশিরভাগ সময়ই ট্রেন বাতিল থাকে। বেশিরভাগ ট্রেন সঠিক সময়ে চলে না। ভোগান্তি বেড়েই চলেছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ