Bartaman Logo
১০ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

কোনো অনুমোদন ছাড়াই রমরমিয়ে চলছে একাধিক প্লাইউড কারখানা, উত্তর দিনাজপুরের তিন ব্লকে বনদপ্তরের অভিযান

উত্তর দিনাজপুরের তিন ব্লকে বেআইনি প্লাইউড কারখানায় অভিযান চালালো বনদপ্তর। বৈধ লাইসেন্স ছাড়াই চলছিল এসব কারখানা। বিস্তারিত পড়ুন।

কোনো অনুমোদন ছাড়াই রমরমিয়ে চলছে একাধিক প্লাইউড কারখানা, উত্তর দিনাজপুরের তিন ব্লকে বনদপ্তরের অভিযান
  • ১০ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: অনুমোদন ছাড়াই রমরমিয়ে চলছিল একের পর এক প্লাইউড কারখানা। এব্যাপারে গোপন খবরের ভিত্তিতে উত্তর দিনাজপুর জেলার তিনটি ব্লকে অন্তত ন’টি প্লাইউড কারখানায় বিশেষ অভিযান চালাল রায়গঞ্জ বনবিভাগ, পুলিশ এবং প্রশাসন। বৃহস্পতিবার দিনভর ধাপে ধাপে চাকুলিয়া এবং রায়গঞ্জের বিন্দোল এলাকায় অভিযান হয়। যেখান থেকে জেসিবি দিয়ে বেশ কয়েকটি কারখানার কাঠ চেরাই মেশিন কাঠের গুঁড়ি, উচ্চক্ষমতা সম্পন্ন মোটর ইত্যাদি বাজেয়াপ্ত করে বনদপ্তর। 

Advertisement

রায়গঞ্জ বন বিভাগের ডিএফও ভূপেন বিশ্বকর্মা বলেন, বৈধ লাইসেন্স ছাড়াই কাঠ চেরাই কল ও প্লাইউড কারখানা চলছিল। এদিন তেমন কয়েকটি কারখানায় ধাপে ধাপে অভিযান চালানো হয়। আমাদের দপ্তরের স্পষ্ট বার্তা, বেআইনিভাবে কাঠ চেরাই কল ও প্লাইউড কারখানা জেলায় চলবে না। আমাদের নজরে এমন কারখানা এলে, আমরা ব্যবস্থা নেব। ধারাবাহিকভাবেই এবার থেকে লাইসেন্সহীন কাঠ চেরাই কল ও প্লাইউড কারখানার বৈধতা পরীক্ষা করা হবে। খামতি পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 
এদিন বনদপ্তর, প্রশাসন এবং রায়গঞ্জ থানার পুলিশকে সঙ্গে নিয়ে বিশাল একটি দল জেসিবি এবং ট্রাক্টর, লরি, ক্রেন নিয়ে অভিযানে বের হয়। রায়গঞ্জের ডিএফও ভূপেন বিশ্বকর্মার নেতৃত্বে বিন্দোল এলাকায় গোটা অভিযানটি সম্পন্ন হয়। সামনে থেকে পরপর ওই এলাকার তিনটি কাঠ চেরাই কল ও প্লাইউড কারখানায় হানাদারি চলে। 
অন্যদিকে, বনদপ্তরের উদ্যোগে চাকুলিয়ায় ছ’টি অনুমোদনহীন কাঠ চেরাই কলে হানা দেয় বনদপ্তর। স্থানীয় পুলিশও ওই অভিযানে বনদপ্তরকে প্রয়োজনীয় সহযোগিতা করে। বেশিরভাগ ক্ষেত্রেই এদিনের অভিযানগুলিতে সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক ভিড় তৈরি হয়। উৎসুক জনতার বক্তব্য, অনেকদিন ধরেই কাঠ চেরাই কলগুলি চলছে। তবে এগুলি যে অবৈধভাবে চলছিল, জানাই যেত না, যদি না এখানে প্রশাসন অভিযান চালাত। 

Advertisement
সম্পর্কিত সংবাদ