কলকাতা, ১৭মে: ক্ষোভ জমেছিল বহু দিন ধরে। ভয়ে মুখ খোলার জো ছিল না। রাজ্যে পালাবদল হতেই ভয় দূরে সরিয়ে প্রতিবাদে পথে নেমেছেন আমতা বিধানসভার কাশমুলী গ্রামের বাসিন্দারা। তাদের অভিযোগ এলাকার তৃণমূল কংগ্রেসের নেত্রী এবং পঞ্চায়েত প্রধান অঞ্জলি দলুইয়ের বিরুদ্ধে। গ্রামবাসীদের অভিযোগ ১০০ দিনের টাকা আত্মসাৎ করেছেন প্রধান। এমনকি আবাস যোজনার বাড়ি পেতে কাটমানি নেওয়ার অভিযোগও রয়েছে আমতা বিধানসভার কাশমুলী গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরদ্ধে। আর এই অভিযোগে তার বাড়িতে ভাঙচুর চালালো উত্তেজিত জনতা। পরে জয়পুর থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।



