নয়াদিল্লি: পরিচয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। যদিও রিল তৈরির আড়ালে চলছিল কোটি কোটি টাকার জালিয়াতি চক্র। এক প্রবীণ নাগরিককে ‘ডিজিটাল অ্যারেস্ট’-এর ভয় দেখিয়ে ১০ কোটি টাকারও বেশি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। শেষ পর্যন্ত পুলিশের জালে অভিযুক্ত। পুনে পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম রোহান যাদব। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও টাকা বাজেয়াপ্ত হতেই আদালতে আত্মসমর্পণ করতে বাধ্য হয় রোহান।
চলতি বছরের জানুয়ারি মাসে জালিয়াতির শিকার হন ওই প্রবীণ নাগরিক। সিবিআইয়ের আধিকারিক পরিচয় দিয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করে একদল প্রতারক। একটি মিথ্যা মামলায় জড়িত থাকার কথা বলে তাঁকে ‘ডিজিটাল অ্যারেস্ট’ করা হয়েছে বলে হুমকি দেয়। আইনি জটিলতা থেকে রেহাই দেওয়ার নাম করে দফায় দফায় তাঁর কাছ থেকে মোট ১০ কোটি ৭৪ লক্ষ টাকা নিয়েছে প্রতারকরা। পরে ৫,৪৩৬টি ব্যাংক অ্যাকাউন্টে ওই টাকা ট্রান্সফার করে তারা। প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পেরে পুলিশের দ্বারস্থ হন ওই বৃদ্ধ। পুলিশ তদন্তে নেমে হর্ষদ সুভাষ ধানতোলে, সমর্থ সুরেশ দেশমুখ এবং অমর শিবাজিকে গ্রেপ্তার করে। জালিয়াতির টাকা বিভিন্ন এটিএম থেকে তুলে রোহানের হাতে তুলে দিয়েছিল বলে ধৃতরা জেরায় স্বীকার করে নেয়। তদন্তে নেমে ছত্রপতি সম্ভাজিনগরের বাসিন্দা রোহানের সঙ্গে হংকংয়ের আন্তর্জাতিক জালিয়াতি চক্রের যোগ পেয়েছে পুলিশ। তাদের সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার নিয়মিত যোগযোগ রয়েছে। আপাতত রোহানকে হেপাজতে নিয়ে এই চক্রের গভীরে পৌঁছানোর চেষ্টা করছে পুনে পুলিশ।