নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আমহার্স্ট স্ট্রিট থেকে একটি মোটরসাইকেল চুরির তদন্ত করতে গিয়ে সম্প্রতি পুলিস জানতে পারে যে, ‘চক্রের পান্ডা’ বারুইপুর জেলে আছে। এরপরই তাকে জেল থেকে সোমবার ব্যাঙ্কশাল আদালতে হাজির করা হয়। বিচারক তাকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিস হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। তার বিরুদ্ধে কলকাতা ছাড়াও আশপাশের জেলাতেও একাধিক মোটরসাইকেল চুরির অভিযোগ রয়েছে।
Advertisement
পুলিস আদালতে জানায়, ধৃত মোট কত মোটরসাইকেল চুরি করে পাচার করেছে, তা তদন্ত করে দেখতেই ধৃতকে হেফাজতে নেওয়া হয়েছে। আদালত সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি উত্তর কলকাতার আমহার্স্ট স্ট্রিট থানা এলাকা থেকে এক ব্যক্তির মোটরসাইকেল চুরি হয়। পুলিস তদন্তে নেমে সিসিক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে শনাক্ত করে। কিন্তু তার খোঁজ মিলছিল না। এরপরই সোর্স মারফত পুলিস জানতে পারে, দক্ষিণ ২৪ পরগনা জেলাতে অন্য একটি মোটরসাইকেল চুরির মামলায় ধরা পড়ে সে বারুইপুর কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দি রয়েছে। এরপরই তাকে পুলিস হেফাজতে নিতে ব্যাঙ্কশাল আদালতে আর্জি জানানো হয়। সেই আবেদনে ‘সিলমোহর’ দেন বিচারক।



