সংবাদদাতা, বর্ধমান: জামালপুর থানার ভৈরবপুরে শিবের মাথায় জল ঢেলে বাড়ি ফেরার সময় মোটরভ্যান উল্টে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মৃতের নাম তৃষাণ রায়(৮)। হুগলির দাদপুর থানার আমড়া গ্রামে তার বাড়ি। সে আমড়া হরিপদ প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়ত। শিবরাত্রি উলপক্ষ্যে দিনকয়েক আগে সে ভৈরবপুরে মামারবাড়িতে এসেছিল। বুধবার সে আরও কয়েকজনের সঙ্গে শিবরাত্রি উপলক্ষ্যে শিবের মাথায় জল ঢালতে যায়। জল ঢেলে মোটরভ্যানে সে আরও কয়েকজনের সঙ্গে মামারবাড়ি ফিরছিল। পথে মোটরভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তাতে তৃষাণ গুরুতর জখম হয়। স্থানীয় বাসিন্দারা তাকে জামালপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
Advertisement
জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যু: বর্ধমান শহরের নবাবহাট এলাকায় জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন তাঁর এক বন্ধুও। তিনি বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মৃতের নাম রাজা কর্মকার(১৯)। বর্ধমান শহরের লাকুর্ডি জলকল এলাকার শরৎপল্লিতে তাঁর বাড়ি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে রাজা ও তাঁর এক বন্ধু হেঁটে জাতীয় সড়ক পার হচ্ছিলেন। সেই সময় একটি গাড়ি তাঁদের ধাক্কা মেরে পালায়। পুলিস দু’জনকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসক রাজাকে মৃত ঘোষণা করেন।
গলসিতে ঝুলন্ত দেহ উদ্ধার: গলসি থানার অমরপুরে এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে ঘরে বাঁশের কাঠামোয় গামছা দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁকে ঝুলতে দেখেন পরিবারের লোকজন। খবর পেয়ে পুলিস দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। মৃতের নাম প্রশান্তকুমার বাগদি(৩৬)।