Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মাটির নীচ দিয়ে পাইপ বসাতে বৈঠক করল পুরসভা, এবার শিলিগুড়িতে বাড়ি বাড়ি মিলবে রান্নার গ্যাসের সংযোগ

মাটির নীচ দিয়ে পাইপ বসাতে বৈঠক করল পুরসভা, এবার শিলিগুড়িতে বাড়ি বাড়ি মিলবে রান্নার গ্যাসের সংযোগ
  • ৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: কোচবিহারের পর শিলিগুড়ি। বাড়ি বাড়ি রান্নার গ্যাসের লাইন দিতে উদ্যোগ। শুক্রবার গ্যাস অথরিটি অব ইন্ডিয়া লিমিটেডের (গেইল) সঙ্গে এ ব্যাপারে বৈঠক করে শিলিগুড়ি পুরসভা। পরে মেয়র গৌতম দেব বলেন, গেইল বাড়ি বাড়ি গ্যাসের লাইন দেবে। এজন্য তারা মাটির নীচ দিয়ে লাইন পাতার কাজ শুরু করতে চলেছে। এ বিষয়েই এদিন তাদের সঙ্গে আলোচনা হয়েছে। 
Advertisement
রাজ্যের বিভিন্ন জেলায় বাড়ি বাড়ি প্রাকৃতিক গ্যাসের লাইন দিতে অনেকদিন ধরেই তৎপর গেইল। ইতিমধ্যে তারা কোচবিহার শহর ও সংলগ্ন গ্রামের বসতি এলাকায় গ্যাসের লাইন পেতেছে। এবার শিলিগুড়ি শহরেও সেই লাইন পাতার কাজ শুরু হচ্ছে। প্রশাসন সূত্রের খবর, পুজোর আগেই শিলিগুড়ি শহর থেকে গ্যাসের পাইপ লাইন দার্জিলিং পাহাড়গামী রাস্তায় পাতার কাজ শুরু হয়েছে। সেই কাজ অনেকটাই এগিয়েছে। এবার শিলিগুড়ি শহরের বসতি এলাকায় মাটির নীচে গ্যাসের পাইপ বসানো হবে। এজন্যই এদিন পুরসভার সঙ্গে গেইলের প্রতিনিধিরা বৈঠক করেন। ইতিমধ্যে গেইল কর্তৃপক্ষ এ ব্যাপারে পুরসভার কাছ থেকে অনুমোদন নিয়েছে। রাস্তা খোঁড়াখুঁড়ির জন্য পুরসভাকে কিছু অর্থও প্রদান করেছে বলে খবর। 
এদিন বৈঠকে মেয়র ছাড়াও ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ পুরসভার আধিকারিকরা ছিলেন। বৈঠকের পর মেয়র বলেন, ইতিমধ্যে শহরে সার্ভে করেছে গেইল। সেই রিপোর্ট অনুসারে শহরের প্রায় ১২শো কিমি এলাকায় পাইপ পাতবে তারা। মাইক্রো টানেল করে পাইপ পাতা হবে। ৫০-১০০ মিটার অন্তর অন্তর ছোট ছোট পিট তৈরি করবে। রাজ্য সরকারের এসওপি মেনে গেইল কাজ করছে। প্রথম পর্যায়ে ওরা ৪৭ কিমি এলাকায় পাইপ পাতবে। এটা তারা পাইলট হিসেবে কাজ করবে। পরবর্তীতে সংশ্লিষ্ট লাইন থেকেই বাড়ি, হোটেল সহ বিভিন্ন জায়গায় রান্নার গ্যাসের সংযোগ দেবে। 
প্রসঙ্গত, বারাউনি থেকে গুয়াহটি পর্যন্ত প্রাকৃতিক গ্যাস সরবরাহের লাইন পাতছে গেইল। প্রশাসন সূত্রের খবর, বারাবউনি থেকে গুয়াহাটির দূরত্ব প্রায় ৭১০ কিমি। যারমধ্যে উত্তরবঙ্গের ১৮৯ কিমি রয়েছে। যা প্রাকৃতিক গ্যাসের মেইন লাইন। শিলিগুড়ির ২৩ কিমি এলাকা দিয়ে মেইন লাইন বিস্তৃত। তাতে ১৪টি মৌজা রয়েছে। এরবাইরে উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার ১০৬টি মৌজা দিয়ে মেইন লাইন বিস্তৃত। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সেই লাইন থেকেই বসতি এলাকায় গ্যাসের পাইপ লাইন নিয়ে যাওয়া হচ্ছে। মাটির ছয় ফুট নীচ দিয়ে যাবে সেই লাইন। বিভিন্ন জায়গায় স্টেশন তৈরি করে বাড়ি বাড়ি রান্নার গ্যাসের সংযোগ দেওয়া হবে। এই গ্যাসে বিপদের সম্ভাবনা কম। কারণ তা বাতাসের থেকেও হালকা। 
সম্পর্কিত সংবাদ