সংবাদদাতা, রামপুরহাট: বাংলার বাড়ি প্রকল্পের টাকা অ্যাকাউন্টে চলে এসেছে। পাকা ঘর নির্মাণের আগে ভাঙা হচ্ছিল মাটির ঘর। আর তাতেই ঘটে গেল বিপত্তি। দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল বাড়ি প্রাপকের। দুর্ঘটনাটি ঘটেছে মাড়গ্রাম থানার চরচুনা গ্রামে। পুলিস জানিয়েছে, মৃতের নাম আপেল মাল(৪৫)। বাড়ি চরচুনা গ্রামে। তিনি পেশায় নির্মাণ শ্রমিক ছিলেন। বৃহস্পতিবার তিনি তাঁর মাটির বাড়িটি ভাঙছিলেন। তখনই মাটির দেওয়াল ভেঙে পড়লে তিনি চাপা পড়ে যান। পরিবারের সদস্যরা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে রামপুরহাট মেডিক্যালে ভর্তি করেন। রাত ৮টা নাগাদ সেখানেই তাঁর মৃত্যু হয়। ঘটনায় শোকগ্রস্ত গোটা পরিবার। মৃতের ভাই পলাশ মাল বলেন, সরকারি বাড়ি পাওয়ায় খুব আনন্দেই ছিল দাদা। কিন্তু সেই পাকাবাড়ির কাজ শুরুর আগেই তিনি সকলকে ছেড়ে চলে গেলেন।



