নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: কোচবিহারের মহারাজা জিতেন্দ্রনারায়ণ মেডিক্যাল কলেজ হাসপাতালের আউটডোরের সামনে রাস্তার ধার ঘেঁষে ফের গজিয়ে উঠেছে দোকান। সেখানে দিনের বেলায় গ্যাস জ্বালিয়ে অবাধে চলছে রান্নার কাজ। রাস্তার দু’ধারে ফুটপাত দখল করে দোকানপাট বসায় রাস্তা ক্রমশ সংকীর্ণ হয়ে পড়ছে। অপরদিকে, মাতৃমা বিল্ডিংয়ের সামনেই রয়েছে ময়লা ফেলার জায়গা। সেখান থেকে প্রতিনিয়ত ছড়াচ্ছে দুর্গন্ধ। কিছুদিন আগে শহরের বিভিন্ন এলাকায় রাস্তার ধারে ফুটপাত দখলমুক্ত করা হয়েছিল। কিন্তু নজর কিছুটা সরতেই ফের মেডিক্যাল কলেজের আউটডোরের সামনে ফুটপাত দখল করে বসতে শুরু করেছে দোকানপাট।
Advertisement
কোচবিহার মেডিক্যাল কলেজের সুপার ডাঃ সৌরদীপ রায় বলেন, রাস্তার ধারের ফুটপাত দখলের বিষয়টি আমার এক্তিয়ারভুক্ত নয়। তবে ওই জায়গায় যানজট হয়। এতে সমস্যার সৃষ্টি হচ্ছে। মাতৃমার সামনের জঞ্জাল সরানোর জন্য কিছু টাকা মেটানো হয়েছে। বাকি টাকা পেলে সেটাও মেটানো হবে। ওই জায়গার দোকানপাট সরানো হলে রোগীদের সুবিধা হয়। কয়েক মাস আগে কোচবিহার শহরের বিশ্বসিংহ রোড, সিলভার জুবিলি রোড সহ আরও বেশকিছু রাস্তার ধারের ফুটপাত থেকে অবৈধ দোকান সরিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীতে আবারও কিছু এলাকায় ফুটপাত দখল করে দোকান বসতে শুরু করেছে। মেডিক্যাল কলেজের চারপাশের পরিবেশ কার্যত অস্বাস্থ্যকর ও বিপজ্জনক হয়ে রয়েছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। কোচবিহারের মহকুমা শাসক কুণাল বন্দ্যোপাধ্যায় বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ ও পূর্তদপ্তরের পক্ষ থেকে যদি কোনও উদ্যোগ নেওয়া হয় তাহলে আমরা সবরকম সহযোগিতা করব।



