Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মিথ্যা মামলায় গ্রেপ্তারের অভিযোগে থানা ঘেরাও

মিথ্যা মামলায় গ্রেপ্তারের অভিযোগে থানা ঘেরাও
  • ২৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা,দুর্গাপুর: নাবালক সহ পাঁচজন আদিবাসী যুবককে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তারের অভিযোগ তুলে শুক্রবার ফরিদপুর থানা ঘেরাও করে আদিবাসী সম্প্রদায়ের মানুষ। ঘটনার প্রতিবাদে তির-ধনুক হাতে তাঁরা দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, নির্দোষ নাবালক সহ পাঁচজন এলাকার যুবককে পুলিস মিথ্যা মামলা দিয়েছে। তাঁদের দাবি, সমস্ত মামলা অবিলম্বে তুলে নিতে হবে। ঘটনাকে কেন্দ্র করে ঘটনাস্থলে কমব্যাট ফোর্স আসে। পুলিসের আশ্বাসে এদিন বিক্ষোভ উঠে যায়।
Advertisement
বিক্ষোভকারীরা জানান, নবঘনপুরের মাঝিপাড়া এলাকা থেকে বৃহস্পতিবার ভোরে এক নাবালক সহ পাঁচজনকে পুলিস গ্রেপ্তার করে। অভিযোগ, ধৃতদের বিরুদ্ধে কয়লা চুরির মামলা রুজু করে পুলিস। ওই দিন ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করলে বিচারক তাদের জামিনে মুক্তি দেন। বিক্ষোভকারী ফুলমণি সোরেন ও প্রণব রুইদাস বলেন, ওই পাঁচজন ভোরে পুকুর পাড়ে গিয়েছিল। পুলিস তাদের গ্রেপ্তার করে মিথ্যা মামলা দিয়েছে। ওই মিথ্যা মামলা থেকে পাঁচজনকে সম্পূর্ণ মুক্তি দিতে হবে। এসিপি(অণ্ডাল) পিন্টু সাহা বলেন, বিষয়টি দেখা হচ্ছে।
সম্পর্কিত সংবাদ