সংবাদদাতা, আলিপুরদুয়ার: শুক্রবার আলিপুরদুয়ারের মথুরা চা বাগানে বনদপ্তরের পাতা খাঁচায় ধরা পড়ল একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ। বনদপ্তর জানিয়েছে, খাঁচাবন্দি চিতাবাঘটির বয়স আনুমানিক ১২ বছর। এদিন সাতসকালে খাঁচাবন্দি চিতাবাঘটির গর্জনে ঘুম ভাঙে শ্রমিকদের। পরে শ্রমিকদের কাছ থেকে খবর পেয়ে বনদপ্তরের চিলাপাতা রেঞ্জের কর্মীরা পৌঁছে বাঘটিকে উদ্ধার করেন। বেশকিছু দিন ধরেই মথুরা বাগানে চিতাবাঘের উপদ্রব শুরু হয়েছিল। পরে শ্রমিকদের ও বাগান কর্তৃপক্ষের অনুরোধে বনদপ্তর বাগানে ছাগলের টোপ দিয়ে একটি খাঁচা বসায়। একটি চিতাবাঘ ধরা পড়ায় স্বস্তি মিলল শ্রমিকদের। জলদাপাড়া জাতীয় উদ্যানের ডিএফও প্রবীণ কাসোয়ান বলেন, বন্যপ্রাণী চিকিৎসক দিয়ে স্বাস্থ্য পরীক্ষার পর চিতাবাঘটিকে চিলাপাতার সংরক্ষিত জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।



