Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মাথাভাঙা-শীতলকুচি রাজ্য সড়কে দুর্ঘটনায় মৃত যুবক

মাথাভাঙা-শীতলকুচি রাজ্য সড়কে দুর্ঘটনায় মৃত যুবক
  • ১৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, শীতলকুচি: শীতলকুচি-মাথাভাঙা রাজ্য সড়কে দুর্ঘটনা পিছু ছাড়ছে না। মঙ্গলবার শীতলকুচিতে দু’টি পৃথক দুর্ঘটনায় মৃত্যু হয় এক বাইক চালকের, জখম হয়েছেন সাতজন। সকালে শীতলকুচি ব্লকের ডাকালির হাট চত্বরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাইক গাছে ধাক্কা মারে। ঘটনায় দুই বাইক আরোহী গুরুতর জখম হন। গোঁসাইরহাট থেকে বাইকে করে বাড়ি ফিরছিলেন সুনীল বর্মন ও তাঁর ছেলে। তাঁদের বাড়ি শীতলকুচি ব্লকের অবুয়ারপাথার গ্রামে। স্থানীয়রা দু’জনকেই মাথাভাঙা মহকুমা হাসপাতালে পাঠান। চিকিৎসকরা বাইক চালক সুনীল বর্মনকে (৩২) মৃত বলে ঘোষণা করেন। পুলিস জানিয়েছে, দেহটি ময়নাতদন্তের জন্য মাথাভাঙা মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। অপরদিকে, দুপুরে শীতলকুচি-মাথাভাঙা রাজ্য সড়কের শিবপুর চৌপথি এলাকায় অটো ও টোটোর মুখোমুখি সংঘর্ষে ছ’জন জখম হন। স্থানীয়রা জখমদের মাথাভাঙা মহকুমা হাসপাতালে পাঠান। গোঁসাইরহাট থেকে যাত্রী বোঝাই অটো ও উল্টো দিক থেকে আসা একটি সাউন্ড বক্স বোঝাই টোটোর মুখোমুখি সংঘর্ষ হলে অটোটি রাস্তার পাশে উল্টে যায়। এতে অটোয় থাকা যাত্রীরা জখম হন। স্থানীয় বাসিন্দারা বলেন, সম্প্রতি মাথাভাঙা-শীতলকুচি রাজ্য সড়ক সংস্কার হলেও সম্প্রসারণ করা হয়নি। এ কারণেই দুর্ঘটনার সংখ্যা বাড়ছে। শীতলকুচি থানার ওসি অ্যান্থনি হোড়ো জানিয়েছেন, দু’টি দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলি আটক করা হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ