Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মাথাভাঙার পচাগড়ে আগুন, ভস্মীভূত বাড়ি

মাথাভাঙার পচাগড়ে আগুন, ভস্মীভূত বাড়ি
  • ৩১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, মাথাভাঙা: বৃহস্পতিবার মাথাভাঙা-১ ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েত এলাকার বড় কাউয়ারডারায় ভয়াবহ আগুনে ভস্মীভূত হল একটি বাড়ি। আসবাবপত্র সহ পুড়ে গিয়েছে সমস্ত কিছু। পুড়ে যাওয়া বাড়ির পাশেই ছিল একটি গোডাউন। যেখানে মজুত করা ছিল পেট্রল, ডিজেল সহ অন্যান্য দাহ্য পদার্থ। যার ফলে আশপাশের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। এদিকে আগুন নেভাতে গিয়ে ব্যাপক সমস্যায় পড়তে হয় দমকলকর্মীদের। কয়েক ঘণ্টার চেষ্টার আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে এলাকায় অবৈধ তেলের বিরুদ্ধে অভিযানে নামে মাথাভাঙা থানার পুলিস। ওই গোডাউন সহ পার্শ্ববর্তী কয়েকটি বাড়ি থেকে প্রচুর তেলভর্তি ড্রাম উদ্ধার করা হয়। অবৈধ তেল মজুত নিয়ে তদন্ত শুরু করেছে পুলিস। 
Advertisement
স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, এই বেআইনি কারবারের সঙ্গে স্থানীয় এক ব্যক্তি জড়িত। এদিন আগুনে পুড়ে গিয়েছে তার ভাইয়ের বাড়িও। ঘটনার পর থেকেই পলাতক গোডাউনের মালিক।  তাঁর ভাই বলেন, এদিন দুপুরে জমিতে কাজ করছিলাম। তখনই বাড়িতে আগুনের খবর পাই। এসে দেখি সবকিছু পুড়ে গিয়েছে। আলমারিতে মেয়ের বিয়ের জন্য সোনার গয়না সহ নগদ টাকাও ছিল। ঘরে রাখা বাইকটিও পুড়ে গিয়েছে। কী করে এমনটা হল কিছুই বুঝতে পারছি না। পাশে দাদার গোডাউন রয়েছে। মনে হচ্ছে সেখান থেকে আগুন ছড়িয়েছে। ওর গোডাউনে কী রাখা ছিল, সেটা আমি জানি না। 
স্থানীয় বাসিন্দারা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে আসে মাথাভাঙা দমকলের একটি ইঞ্জিন। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নেভান দমকলকর্মীরা। গোডাউন মালিকের ভাইয়ের স্ত্রী বলেন, সবমিলিয়ে প্রায় পাঁচ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। 
মাথাভাঙা থানার আইসি হেমন্ত শর্মা বলেন, আগুনে একটি বাড়ি পুড়ে গিয়েছে। আমরা সেখানে গিয়ে দেখি প্রচুর পেট্রল, ডিজেল মজুত করা ছিল। কী কারণে এগুলি মজুত করা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। গোডাউনের মালিক পলাতক। তার খোঁজ চলছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ