Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মাথাভাঙা শহরে যানজট, ট্রাফিক সিগন্যাল দাবি স্থানীয় বাসিন্দাদের

মাথাভাঙা শহরে যানজট, ট্রাফিক সিগন্যাল দাবি স্থানীয় বাসিন্দাদের
  • ৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মাথাভাঙা: মাথাভাঙা শহরের পোস্ট অফিস মোড় ও চৌপথিতে লাগানো ট্রাফিক সিগন্যাল কাজেই আসছে না। ফলে শনিমন্দির থেকে পোস্ট অফিস মোড় হয়ে চৌপথি পর্যন্ত রাস্তায় দিনের বেশিরভাগ সময়ে যানজট লেগেই থাকে। শনিমন্দির, পোস্ট অফিস মোড় ও চৌপথিতে সিভিক ভলান্টিয়ার ও হোমগার্ডরা দায়িত্বে থাকলেও যানজট মোকাবিলা করতে তাঁদের প্রায়ই হিমশিম খেতে হয়। যদিও ট্রাফিক পুলিসের কর্মকর্তাদের দাবি, রাস্তা অপরিসর তাই ট্রাফিক সিগন্যাল কর্যকর হলে আরও সমস্যা হবে। 
Advertisement
মাথাভাঙা শহরে যানজট নিয়ন্ত্রণের জন্য কলেজ মোড়, পচাগড় চৌপথি, পোস্ট অফিস মোড় ও চৌপথিতে ট্রাফিক সিগন্যাল বসানো হয়েছে। কলেজ মোড় ও পচাগড় চৌপথিতে ট্রাফিক সিগন্যাল চালু থাকলেও শহরের ভিতরের পোস্ট অফিস মোড় ও চৌপথিতে ট্রাফিক সিগন্যাল আজ পর্যন্ত কাজেই লাগানো হয়নি। পড়ে থেকে সেগুলি বিকল হয়ে গিয়েছে। 
শহরের বাসিন্দারা জানান, প্রথমদিকে ট্রাফিক সিগন্যালগুলি স্বয়ংক্রিয় ভাবে চলত। তাতে পথ চলতি মানুষ বিভ্রান্ত হতো। বর্তমানে বেশ কিছুদিন ধরে সিগন্যালগুলি বিকল হয়ে আছে। পচাগড়ের বাসিন্দা অমল বর্মন, ব্যবসায়ী সুপ্রকাশ চৌধুরী বলেন, ট্রাফিক সিগন্যাল না থাকায় যে যার মতো করে যানবাহন নিয়ে এগিয়ে যায়। ফলে যানজট নিত্যসঙ্গী। সিগন্যাল থাকলে এবং পুলিস সিগন্যাল ভঙ্গকারীদের জরিমানা শুরু করলে হয়তো লোকজন সতর্ক ও সচেতন হবে। বিশেষ করে স্কুল, কলেজ ও অফিস টাইমে যানজট ব্যাপক আকার ধারণ করে। 
মাথাভাঙা থানার ট্রাফিক ওসি শ্যামল সাহা বলেন, আমাদের দু’টি জায়গায় ট্রাফিক সিগন্যাল খারাপ হয়ে রয়েছে। কলেজ মোড়ের সিগন্যালটিও খারাপ হয়েছিল, সেটি মেরামত করা হয়েছে। পোস্ট অফিস ও চৌপথির সিগন্যাল চালু করা হবে। পোস্ট অফিস মোড় চত্বরে রাস্তাটি এমনিতেই সংকীর্ণ, তার উপর অটো, টোটো রাস্তার ধারে দাঁড়িয়ে থাকে। ফলে সমস্যা সমাধানে শুধু ট্রাফিক সিগন্যাল থাকলেই হবে না। শনিমন্দির মোড় চত্বরে যানজট সবচেয়ে বেশি। ওই এলাকার রাস্তার পরিসর এতটাই কম যে সিগন্যাল বসানোর মতো জায়গা নেই। আমি এনিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব। শহরের যানজট নিয়ন্ত্রণে আমরা যথেষ্ট তৎপর রয়েছি।
সম্পর্কিত সংবাদ