Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মাথাভাঙা মহকুমা হাসপাতালের আউটডোরে চুরি

মাথাভাঙা মহকুমা হাসপাতালের আউটডোরে চুরি
  • ৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মাথাভাঙা: মঙ্গলবার মাথাভাঙা মহকুমা হাসপাতালের আউটডোরে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সকালে হাসপাতালের কর্মীরা আউটডোর খুলতে গিয়ে চুরির বিষয়টি দেখতে পান। খবর পেয়ে পৌঁছয় মাথাভাঙা থানার পুলিস। আউটডোরের সিসি ক্যামেরা ভেঙে দেওয়া হয়েছে। এমনকী হার্ডডিস্কও খুলে নেওয়ার চেষ্টা করে এক দুষ্কৃতী। একই সঙ্গে আউটডোরের ভিতরে ঢুকে একাধিক রুমে নথিপত্র তছনছ করে দেওয়া হয়েছে। একটি কম্পিউটারের মনিটর সহ বেশকিছু কাগজপত্র নিয়ে যায় দুষ্কৃতী। পুলিস জানিয়েছে, চুরির ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে চুরি হওয়া সামগ্রীগুলি এখনও উদ্ধার করা যায়নি। 
Advertisement
মাথাভাঙার অতিরিক্ত পুলিস সুপার অনিমেষ রায় বলেন, সিসি ক্যামেরার ফুটেজ দেখে একজনকে শনাক্ত করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের নাম অখিল সাহা ওরফে অখিল মিয়াঁ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির কথা স্বীকার করেছে। 
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে আউটডোর খুলতে গিয়ে প্রথম চুরির বিষয়টি বুঝতে পারেন এক কর্মী। খবর পেয়ে সেখানে হাসপাতালে চিকিৎসকরা যান। আউটডোরে রাতে কোনও নিরাপত্তারক্ষী থাকে না। দু’টি মাত্র সিসি ক্যামেরা লাগানো রয়েছে। আউটডোরের নিরাপত্তা ব্যবস্থা সহ সিসি ক্যামেরার সংখ্যা আগে থেকেই জানত দুষ্কৃতী। এমনটাই জানিয়েছেন চিকিৎসকরা। তাঁরা আউটডোরের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি জানিয়েছেন। 
মাথাভাঙা হাসপাতালের সুপার ডাঃ মাসুদ হাসান বলেন, এদিন আউটডোর খুলতে গিয়ে চুরির বিষয়টি সামনে আসে। আমরা গিয়ে ভিতরে সিসি ক্যামেরা ভেঙে ফেলা ও আলমারি খোলার বিষয়টি বুঝতে পারি। পুলিসকে বিষয়টি জানানো হয়েছে। আউটডোরে দু’টি সিসি ক্যামেরা লাগানো ছিল। আরও বেশি ক্যামেরা লাগানো হবে।
সম্পর্কিত সংবাদ