সংবাদদাতা, মাথাভাঙা: শনিবার মাথাভাঙা কলেজ মোড় এলাকায় একটি বেসরকারি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। বাসটি এদিন কোচবিহার থেকে মাথাভাঙা আসছিল। কলেজ মোড় এলাকায় হঠাতই বাসের নীচের অংশ থেকে কালো ধোঁয়া বের হতে থাকে। আগুন ধরে যায়। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। তাঁদের দ্রুত বাস থেকে নামিয়ে দেওয়া হয়। খবর পেয়ে আসেন মাথাভাঙা দমকল কেন্দ্রের কর্মীরা। তাঁদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বাসকর্মীদের দাবি, যান্ত্রিক ত্রুটির কারণেই আগুন লেগেছে। ঘটনায় ওই পথে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মাথাভাঙা থানার পুলিস পরিস্থিতি সামাল দেয়। বাসের কন্ডাক্টর মনোরঞ্জন পাল বলেন, সবকিছু ঠিকই ছিল। হঠাতই কলেজ মোড় সংলগ্ন এলাকায় আসতেই ঘটে বিপত্তি। কী করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল, কিছুই বুঝতে পারছি না। মাথাভাঙার এসডিপিও সমরেন হালদার বলেন, একটি যাত্রীবাহী বাসে আগুন লেগেছিল। তবে কেউ জখম হননি।



