সংবাদদাতা, কালনা: শীত পড়তেই বাড়ে বিভিন্ন মঠ ও মন্দিরে চুরির ঘটনা। এবার শীত পড়ার আগেই কালনা শহর সহ শহরতলির বিভিন্ন মঠ ও মন্দিরে সচেতনতার উদ্যোগ নিচ্ছে কালনা থানার পুলিস। কোন কোন মঠ মন্দিরে সিসি ক্যামেরা আছে, নিরাপত্তারক্ষী থাকে কিনা, মঠ মন্দিরে থাকা বিগ্রহের দামি অলঙ্কার কতটা আছে, এই সমস্ত বিষয়ে তথ্য সংগ্রহ শুরু করেছে। মঠ মন্দিরের দরজা ও গ্রিলের মজবুতি কেমন তা দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়াও শহর ও শহরতলিতে বিভিন্ন বাড়িতে থাকা ভাড়াটিয়াদের সম্পর্কে তথ্য থানায় জমা দেওয়ার জন্য মাইকিং চলছে।
Advertisement
বিগত বছরগুলিতে দেখা গিয়েছে, শীত পড়তেই মঠ ও মন্দিরে চুরির ঘটনা ঘটে। দেখা গিয়েছে অধিকাংশ মঠ ও মন্দিরই অরক্ষিত অবস্থায় থাকে। দেখা গিয়েছে রাস্তার ধারে বারোয়ারি মন্দিরে গেটে শুধু তালা মারা থাকে। তাই এবার আগে থেকেই পুলিস বিষয়টি নিয়ে সচেতন হয়েছে। রাতে টহলদারি বাড়ানো সহ গুরুত্বপুর্ণ এলাকাগুলিতে নিরাপত্তায় জোর দেওয়া হচ্ছে। এছাড়াও শহর জুড়ে থাকা সিসি ক্যামেরাগুলি কেমন কাজ করছে তাও পরীক্ষা করে দেখা হচ্ছে। সিসি ক্যামেরার কন্ট্রোল রুমে সব সময়ের জন্য মনিটরিং করা হচ্ছে।
কালনার এসডিপিও রাকেশ চৌধুরী বলেন, শীতের সময় চুরির ঘটনা বাড়ে। বিভিন্ন মন্দির ও মঠের তথ্য সংগ্রহ করা হচ্ছে। তাতে নিরাপত্তা ও নজরদারির সুবিধা হবে। ভাড়াটিয়াদের সম্পর্কে তথ্য সংগ্রহ চলছে। নিরাপত্তার কথা মাথায় রেখেই সব কিছু ভাবা হচ্ছে।