Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

মাঠে এখনও রোমাঞ্চ অনুভব করেন মাহি

মাঠে এখনও রোমাঞ্চ অনুভব করেন মাহি
  • ২১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নয়াদিল্লি: দীর্ঘ ক্রিকেট কেরিয়ারে সাফল্য ও ব্যর্থতা দুটোই দেখেছেন মহেন্দ্র সিং ধোনি। তবে নিজের লক্ষ্যে অবিচল থেকেছেন সব পরিস্থিতিতেই। ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ককে ছুঁতে পারেনি কোনও সমালোচনা। দুই ফরম্যাটে বিশ্বকাপ আর চ্যাম্পিয়ন্স ট্রফি ছাড়াও মাহির ঝুলিতে রয়েছে আইপিএলের ট্রফি। এই সাফল্যের রসায়ন ঠিক কী? তরুণ ক্রিকেটারদের এমএসডি’র পরামর্শ, ‘সামনে এগিয়ে যেতে হলে সব কিছু মাথায় নিলে চলবে না। লোকে কী বলছে তা না শুনে নিজে কী ভাবছো সেটায় গুরুত্ব দাও। তাহলেই সাফল্য আসবে।’ এরপর নিজের প্রসঙ্গ টেনে তাঁর সংযোজন, ‘সমালোচনায় কান না দিয়ে আমি ভাবতাম কখন ঘুমাবো, কখন উঠব আর কখনই বা বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পারব।’ 
Advertisement
চলতি মরশুমের আইপিএলে আরও একবার চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠে নামবেন তিনি। তবে  ক্রিকেট কেরিয়ার নিয়ে ধোঁয়াশা বজায় রাখলেন যথারীতি। ধোনি বললেন, ‘বাচ্চাদের মতো ক্রিকেট খেলে যেতে চাই। ছয় বছর আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছি। তবু মাঠে নামলে এখনও সমান রোমাঞ্চ অনুভব করি। তাই মনে হয় খেলা চালিয়ে যাই।’ উল্লেখ্য, গত মরশুমে ঋতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বে আইপিএলে নেমেছিলেন মাহি। এবারও তেমনই হতে চলেছে। তবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ধোনির উপর অনেকটাই নির্ভর করেন ঋতুরাজ। কোটিপতি লিগে ক্যাপ্টেন ধোনির সাফল্য যে ঈর্ষণীয়। 
Advertisement
সম্পর্কিত সংবাদ