Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মাটিবোঝাই ট্রাক্টরের দাপটে অতিষ্ঠ বাবলারি পঞ্চায়েতের বাসিন্দারা

মাটিবোঝাই ট্রাক্টরের দাপটে অতিষ্ঠ বাবলারি পঞ্চায়েতের বাসিন্দারা
  • ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, নবদ্বীপ: মাটিবোঝাই ট্রাক্টরের দাপটে বিপর্যস্ত বাবলারি পঞ্চায়েত এলাকার বাসিন্দারা। প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত মাটিবোঝাই ট্রাক্টর যাতায়াত করছে। এর ফলে গ্রামের রাস্তার ব্যাপক ক্ষতি হচ্ছে। পাশাপাশি ট্রাক্টর না ঢেকে নিয়ে যাওয়ায় রাস্তার উপর মাটি বা বালি পড়ছে। এলাকার বাড়ি ও দোকানগুলিতেও মাটি ও বালি পড়ছে। মাটি বোঝাই একের পর এক ট্রাক্টর দ্রুত গতিতে যাতায়াত করায় দুর্ঘটনার আশঙ্কা থেকেই যাচ্ছে। এই পরিস্থিতিতে মাটি মাফিয়াদের ভয়ে মুখ খুলতে চাইছেন না কেউ। তবে রীতিমতো ক্ষোভে ফুঁসছেন স্থানীয় ব্যবসায়ী থেকে পঞ্চায়েতের বাসিন্দারা। তাঁদের দাবি, প্রশাসনের চোখের সামনে দিয়ে প্রতিদিনই চলে এইসব মাটি বোঝাই ট্রাক্টর। সব জেনেও স্থানীয় প্রশাসন কোনও ব্যবস্থা নিচ্ছে না। সকাল থেকে বেশকিছু এলাকাবাসীকে ঘরের দরজা জানালা বন্ধ করেই থাকতে হচ্ছে। 
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাবলারি পঞ্চায়েত এলাকা সংলগ্ন পূর্ব বর্ধমান জেলার কালনা–কাটোয়া রোড হয়ে হুরের মুখ দিয়ে বাবলারি পঞ্চায়েত এলাকায় ঢুকছে ট্রাক্টর। পঞ্চায়েত এলাকার ঢোকার প্রবেশ পথ, বাসস্ট্যান্ডের রাস্তা, পঞ্চায়েতের সামনে এবং রামসুন্দর হাইস্কুলের সামনের রাস্তা দিয়ে যাতায়াত করছে। সকাল থেকেই প্রতিদিনই মাটি ও বালি বোঝাই একের পর এক ট্রাক্টর দ্রুত গতিতে যাতায়াতের ফলে ক্ষোভ বাড়ছে স্থানীয় ব্যবসায়ী থেকে বাবলারি পঞ্চায়েতের বাসিন্দাদের।
পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, সরকারকে কেউ কেউ রেভিনিউ দিয়ে আবার কেউ কেউ না দিয়েও গাড়ি চালাচ্ছেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, পঞ্চায়েতের রাস্তাগুলি দিয়ে যেভাবে প্রতিদিনই সকাল থেকে দুপুর পর্যন্ত বেপরোয়া গতিতে মাটি ও বালি বোঝাই ট্রাক্টর যাতায়াত করে, তাতে যেকোনও মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। তবে, মাটি মাফিয়াদের দৌরাত্ম্যে ভয়ে কেউ মুখ খুলতে চান না। তাঁদের দাবি, সব জেনেও স্থানীয় প্রশাসন কোনও ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ।
নাম প্রকাশে অনিচ্ছুক বাবলারি বাসস্ট্যান্ডের এক ব্যবসায়ী বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত বেপরোয়াভাবে এই ট্রাক্টরগুলি চলছে। জোরে চালানোর জন্য মাঝে মধ্যেই ট্রাক্টর চালকদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের অশান্তি হচ্ছে। বিপজ্জনকভাবে দ্রুত গতিতে গাড়িগুলি যায় আর এই রাস্তা দিয়েই দু’বেলা স্কুলের ছেলে-মেয়েরা যাতায়াত করে। সেইসময় বাড়ির লোকদের চিন্তার মধ্যে থাকতে হয়। এই গাড়িগুলির কোনও নিয়ন্ত্রণ নেই। কোনওভাবে যদি দুর্ঘটনা ঘটে যায় করার কিছু থাকবে না। 
স্থানীয় এক গৃহবধূ বলেন, গাড়ির তীব্র হর্নের আওয়াজে আমরা অতিষ্ঠ হয়ে গিয়েছি। এমনকী, এই পঞ্চায়েত এলাকার অধিকাংশ রাস্তাজুড়ে মাটি পড়ে থাকছে। সেই মাটিতে জল পড়লে পিচ্ছিল হয়ে যাচ্ছে রাস্তা। বাড়ছে দুর্ঘটনা।
যদিও এপ্রসঙ্গে বাবলারি পঞ্চায়েতের প্রধান নারায়ণ কর্মকার বলেন, পঞ্চায়েতের সামনে দিয়ে ট্রাক্টরগুলি যাচ্ছে। স্থানীয় লোকজনও অভিযোগ জানিয়েছেন। বিষয়টি আমরা দেখছি। প্রশাসনকে বিষয়টি জানাব।
Advertisement
সম্পর্কিত সংবাদ