সংবাদদাতা, বর্ধমান: মাটিবোঝাই একটি ট্রাক্টর বাজেয়াপ্ত করেছে মেমারি থানার পুলিস। ট্রাক্টরটির চালক আব্দুল আজিজ শেখকে গ্রেপ্তার করা হয়েছে। তার বাড়ি মন্তেশ্বর থানা এলাকায়। বুধবার রাতে মালম্বার দিক থেকে একটি ট্রাক্টর আসছিল। সাতগেছিয়ার কাছে সেটিকে আটকানো হয়। চকচকিয়া পুলের কাছ থেকে মাটি কেটে তা ট্রাক্টরে করে পাচার করা হচ্ছিল বলে পুলিসের দাবি। স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে থানা। ধৃতকে বৃহস্পতিবার বর্ধমান সিজেএম আদালতে তোলা হয়। বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে শুক্রবার ধৃতকে ফের আদালতে পেশের নির্দেশ দেন সিজেএম।



