Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মাতব্বরদের বিধান, এগরায় একঘরে দরিদ্র কৃষক পরিবার

মাতব্বরদের বিধান, এগরায় একঘরে দরিদ্র কৃষক পরিবার
  • ১২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কাঁথি: এগরায় ফের মাতব্বরদের বিরুদ্ধে সামাজিক বয়কটের অভিযোগ উঠল। এগরা-২ ব্লকের দেশবন্ধু গ্রাম পঞ্চায়েতের নরাজপুর এলাকায় এক দরিদ্র কৃষক পরিবারকে বোরো চাষের জল দেওয়া বন্ধ করা হয়েছে বলে অভিযোগ। পাশাপাশি তাঁদের সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া, বাজারহাট করা, ওষুধপত্র কিনতেও বাধা দেওয়া হচ্ছে। জমির মালিক মনোরঞ্জন খাঁড়া ও তাঁর স্ত্রী সৌদামিনী খাঁড়া এ বিষয়ে প্রশাসন ও পঞ্চায়েতের দ্বারস্থ হয়েছেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন। জানা গিয়েছে, চাষাবাদ করে জীবনযাপন করে ওই পরিবার। বছরদুয়েক আগে মনোরঞ্জনবাবুর মা মারা যান। এরপর গ্রামের লোকজন অভিযোগ করেন, তাঁকে ষড়যন্ত্র করে ইচ্ছাকৃতভাবে মেরে ফেলেছে পুত্র-পুত্রবধূ সহ পরিবারের লোকজন। তার শাস্তি হিসেবে গ্রাম কমিটির পক্ষ থেকে তাঁদের বয়কট করা হয়। তারপর থেকে তাঁরা একঘরে হয়ে রয়েছেন। মনোরঞ্জনবাবু অভিযোগ করে বলেন, আইনকে বুড়ো আঙুল দেখিয়ে গ্রামের মোড়লরা দাদাগিরি করে জলের পাম্প বন্ধ করে দিয়েছে। কোনওরকম বীজতলা তৈরি করেছিলাম। জল বন্ধ হওয়ায় জমিতে সেচ দিতে পারছি না। চাষ বন্ধ হয়ে পড়ে রয়েছে। চারা শুকিয়ে গিয়েছে। আমরা পাম্পের মালিককে জল দেওয়ার কথা বলতে গেলে আমাদের অশ্লীল গালিগালাজ করে তাড়িয়ে দেওয়া হয়। সৌদামিনীদেবী বলেন, চাষ নষ্ট হয়ে গেলে আমরা খাব কী, বাঁচব কী করে? সামাজিক অনুষ্ঠানেও আমাদের বয়কট করা হয়েছে। অবিলম্বে সুরাহা না হলে আমাদের স্বেচ্ছামৃত্যুর পথ বেছে নেওয়া ছাড়া উপায় থাকবে না। এবিষয়ে পঞ্চায়েতের উপপ্রধান আলোক মহাপাত্র বলেন, আমার কাছে ওই পরিবার একটি অভিযোগপত্র জমা দিয়ে গিয়েছে। প্রয়োজনীয় পদক্ষেপ করার জন্য বিষয়টি ব্লক প্রশাসনকে জানানো হবে। আমরাও পঞ্চায়েতের তরফে কী ব্যবস্থা নেওয়া যায়, আলোচনা করে দেখছি।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ