মাসকয়েক আগে ঝাড়খণ্ড নির্বাচনে হেমন্ত সোরেনের জয়ের অন্যতম চাবিকাঠি ছিল ‘মুখ্যমন্ত্রী মাতৃ সম্মান যোজনা’। এবার রাজ্য বাজেটে এই প্রকল্পের জন্য ১৩ হাজার ৩৬৩ কোটি টাকা বরাদ্দ করা হল। ১৮ থেকে ৫০ বছরের মহিলাদের আর্থিক নিরাপত্তা ও সার্বিক উন্নয়নের লক্ষ্যে এই প্রকল্প। সোমবার বিধানসভায় ১ লক্ষ ৪৫ হাজার কোটি টাকার বাজেট পেশ করেন অর্থমন্ত্রী রাধাকৃষ্ণ কিশোর। সেখানে বিনামূল্যে বিদ্যুৎ খাতে ৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বিশেষ জোর দেওয়া হয়েছে ঝাড়খণ্ড সর্বজন পেনশন, রোজগার সৃজন, কৃষি ঋণ মকুবের মতো প্রকল্পগুলিতেও।



