সংবাদদাতা, পুরাতন মালদহ: ১৬ এবং ১৭ নভেম্বর কোচবিহার রাজবাড়ি স্টেডিয়ামে আন্তর্জাতিক মাষ্টার অ্যাথলেটিক্সের আসর বসে। সেখানে ৪০ বছর বয়স বিভাগে বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে পুরাতন মালদহের উদয় মণ্ডল তিনটি পদক পেলেন। বর্ষা নিক্ষেপে প্রথম হওয়ায় স্বর্ণ, ডিসকাস থ্রো এবং লৌহবল নিক্ষেপে দ্বিতীয় হওয়ায় তাঁকে রৌপ্য পদক দিয়ে পুরস্কৃত করা হয়েছে। তাঁর বাড়ি শহরের ১৬নম্বর ওয়ার্ডে। এমন খবর চাউর হতেই শহরের ক্রীড়া মহল তাঁকে শুভেচ্ছা জানিয়েছে। সোমবার জয়ী অ্যাথলেটিক উদয় মণ্ডল বলেন, ওই খেলায় নেপাল, ভুটান সহ দেশের পাঁচটি রাজ্যের একাধিক খেলোয়াড় অংশ নেন। তার মধ্যে আমি তিনটি পদক পেয়েছি।



