হাসানপুর: উত্তরপ্রদেশে গণবিবাহের আসরে হুলস্থুল কাণ্ড। এক তরুণীর বিয়ে ভাঙতে চলে এলেন কয়েকজন বহিরাগত। অভিযোগ, তিনি প্রথম বিয়ে লুকিয়ে দ্বিতীয়বার বিয়ে করতে যাচ্ছিলেন। শুধু তাই নয়, গণবিবাহ প্রকল্পে সরকার টাকা দেয়, তা দিয়ে মোষ কেনার পরিকল্পনা করেছিলেন ওই তরুণী। রবিবার হাসানপুর জেলায় একটি কলেজের মাঠে বসেছিল গণবিহারের আসর। ৩০০ জন পাত্র-পাত্রী হাজির ছিলেন সেখানে। আচমকাই একদল মানুষ এসে আসমা নামে এক পাত্রীর সঙ্গে ঝামেলা শুরু করেন। তাঁরা আর কেউ নন, আসমার প্রথমপক্ষের স্বামীর বাড়ির লোকজন। লুকিয়ে দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছিলেন বলে জানান আসমার শ্বশুর। এরপর ওই ব্যক্তিরা বিয়ে ভেঙে দেন। জানা গিয়েছে, বছর তিন আগে নুর নামে এক যুবকের সঙ্গে বিয়ে হয় তাঁর। মাস ছ’য়েক আগে শ্বশুরবাড়ি ছে়ড়ে বাপের বাড়িতে গিয়ে থাকতে শুরু করেন আসমা। আদালতে বিবাহবিচ্ছেদ মামলাও চলছিল। ইতিমধ্যে আসমা জানতে পারেন যোগী আদিত্যনাথ সরকারের উদ্যোগে স্থানীয় একটি কলেজ মাঠে গণবিবাহের আয়োজন করা হচ্ছে। শুধু তাই নয়, গণবিবাহ প্রকল্পের অধীনে কনেকে ৩৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। মিলবে উপহারও। এসব শুনে আসমা ঠিক করেন, নিজের তুতোভাই জাবের আহমেদকে বিয়ে করবেন। পাশাপাশি ৩৫ হাজার টাকা দিয়ে একটি মোষ কেনার পরিকল্পনা করেছিলেন আসমা।



