Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মুর্শিদাবাদের নতুনগ্রাম পঞ্চায়েত এলাকায় বেহাল রাস্তা, ক্ষোভ

মুর্শিদাবাদের নতুনগ্রাম পঞ্চায়েত এলাকায় বেহাল রাস্তা, ক্ষোভ
  • ৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, লালবাগ: মুর্শিদাবাদের নতুনগ্রাম পঞ্চায়েতের মুড়াগোয়ার রেললাইন থেকে নতুনগ্রাম প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত দু’কিমি রাস্তা দীর্ঘদিন ধরে চরম বেহাল। রাস্তার বেশিরভাগ অংশে পিচের আস্তরণ নেই। পাথর উঠে এবড়োখেবড়ো হয়ে গিয়েছে। রাস্তাটি দিয়ে চলাফেরা করাই দায় হয়ে উঠেছে। স্থানীয় বাসিন্দা থেকে পথ চলতি মানুষজন দুর্ঘটনার কবলে পড়ছে। পথবাতি না থাকায় রাতে আরও সমস্যা বাড়ছে। এই পরিস্থিতিতে রাস্তা সংস্কারের দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। নতুনগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সাহেব শেখ বলেন, ওই রাস্তাটি সংস্কারের জন্য জেলা পরিষদের পূর্তদপ্তরে জানানো হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরের সবুজ সংকেত মিলতেই সংস্কারের কাজ শুরু করা হবে। 
Advertisement
নতুন গ্রাম পঞ্চায়তের আয়েশবাগ থেকে আমতলা হয়ে একটি রাস্তা নতুনগ্রাম প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত চলে গিয়েছে। এই রাস্তাটি মুর্শিদাবাদ-জিয়াগঞ্জ ব্লকের গ্রামীণ যোগাযোগের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে। অথচ ওই রাস্তার মুড়াগোয়ার রেললাইন থেকে নতুনগ্রাম প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত দু’কিমি রাস্তার বেহাল অবস্থা। ফুলবাগানের বাসিন্দা অশোক পাল বলেন, প্রতি দিন শয়ে শয়ে সাধারণ মানুষ, ছাত্রছাত্রী এপথে যাতায়াত করে। এবড়োখেবড়ো রাস্তায় ছোটখাট দুর্ঘটনা ঘটেই চলেছে। গত কয়েকদিনে কয়েকজন স্কুল পড়ুয়া থেকে বাইক আরোহী পড়ে গিয়ে জখম হয়েছেন। পাশাপাশি পথবাতি না থাকায় সন্ধ্যার পর পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। একপ্রকার ঝুঁকি নিয়েই চলাচল করতে হয়। দীর্ঘদিন ধরে এই পরিস্থিতি চলতে থাকলেও রাস্তা সংস্কারে কারও কোনও হেলদোল নেই। মুড়াগোয়ারের বাসিন্দা তথা প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য মলয় মণ্ডল বলেন, এক দশক আগে রাস্তা সংস্কার হয়েছিল। তারপর আর কোনও কাজ হয়নি। অনেক দিন কোনও সংস্কার না হওয়ায় রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। দ্রুত সংস্কার না হলে সাধারণ মানুষ আরও বড় সমস্যায় পড়বেন। স্থানীয় বাসিন্দা বাবলি পাল বলেন, পর্যটনের মরশুমে মুর্শিদাবাদ ঘুরতে আসা পর্যটকদের একটা বড় অংশ যারাযাতের ক্ষেত্রে বাইপাস হিসেবে এই রাস্তাকে ব্যবহার করে থাকে। জেলার পর্যটনের স্বার্থে খুব শীঘ্রই রাস্তাটি সংস্কার করা হোক। নতুন গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলাম, কাজেম শেখ তীব্র ক্ষোভের সঙ্গে বলেন, ভাঙাচোরা রাস্তায় দিনের থেকে রাতে আরও ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়। প্রাণের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। রাস্তাটি দ্রুত সংস্কার করা হোক।
সম্পর্কিত সংবাদ