Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মুর্শিদাবাদ স্টেশনে গুডস ইয়ার্ড চালু করতে পরিদর্শন

মুর্শিদাবাদ স্টেশনে গুডস ইয়ার্ড চালু করতে পরিদর্শন
  • ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, লালবাগ: প্রায় এক বছর আগে তৈরি হয়ে পড়ে থাকা গুডস ইয়ার্ড চালু করার লক্ষ্যে মঙ্গলবার মুর্শিদাবাদ জংশন স্টেশনে এসেছিলেন শিয়ালদহ ডিভিশনের ডিসিএম শশীরঞ্জন সিং। বুধবার এলেন ডিআরএম দীপক নিগম। এদিন তিনি ডিস্ট্রিক্ট চেম্বার অব কমার্স সহ একাধিক ব্যাণিজিক সংস্থা ও সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে দীর্ঘ আলোচনা করেন। ঘুরে দেখেন গুডস ইয়ার্ড সহ সংশ্লিষ্ট এলাকা। পরে ডিআরএম বলেন, জেলার ব্যবসায়িক সংগঠনের পক্ষ থেকে তাঁদের কিছু সমস্যার কথা বলেছেন। রেলের পক্ষ থেকেও কিছু প্রস্তাবও রাখা হয়েছে। সব ঠিকঠাক থাকলে মুর্শিদাবাদ জংশনে অতি দ্রুত মালগাড়ির গুডস ইয়ার্ড চালু করা হবে।
Advertisement
প্রায় এক বছর আগে মুর্শিদাবাদ স্টেশনে রেল গুডস ইয়ার্ড নির্মাণ করেছে। কিন্তু এখনও পর্যন্ত সেটা চালু করা যায়নি। আর এতেই সিঁদুরে মেঘ দেখছেন রেলের কর্তারা। দ্রুত ওই গুডস ইয়ার্ড চালু করতে রেলের কর্তারা দফায় দফায় জেলার বণিক মহল, ব্যবসায়িক সংগঠন, ট্রাক সিন্ডিকেট সহ বিভিন্ন সংগঠনের সঙ্গে বৈঠকে বসেছেন। মঙ্গলবার শিয়ালদহ ডিভিশনের ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার শশী রঞ্জন সিং মুর্শিদাবাদ জংশন স্টেশনে এসে বণিক মহলের পাশাপাশি বিভিন্ন বাণিজ্যিক সংগঠনের সঙ্গে বৈঠক করেন।  বুধবার একাধিক রেল আধিকারিককে সঙ্গে নিয়ে মুর্শিদাবাদ জংশন স্টেশনে উপস্থিত হন ডিআরএম দীপক নিগম। এদিনও তিনি জেলার একাধিক ব্যবসায়ী, চেম্বার অব কমার্স, বাণিজ্য সংস্থা ও সংগঠনের সঙ্গে বৈঠকে বসেন। তাঁদের সুবিধা অসুবিধার কথা তিনি ধৈর্য ধরে শোনেন। গুডস ইয়ার্ড চালু করতে বাড়তি সুবিধা প্রদানেরও প্রস্তাব দেন তিনি। ডিস্ট্রিক্ট চেম্বার অব কমার্সের জেলা সম্পাদক স্বপন ভট্টাচার্য বলেন, গুডস ইয়ার্ডের পরিকাঠামো এখনও সম্পূর্ণ করা হয়নি। ওই এলাকায় প্রশস্ত সড়ক, গোডাউন ও বাড়তি শেড নির্মাণ করা জরুরি। পর্যাপ্ত আলো ও পানীয় জলেরও ব্যবস্থা করতে হবে। আশা করি, রেল বাকি কাজ দ্রুততার সঙ্গে শেষ করবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ