Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মুর্শিদাবাদে স্ত্রীকে খুন করে তালা ঝুলিয়ে পালাল যুবক

মুর্শিদাবাদে স্ত্রীকে খুন করে তালা ঝুলিয়ে পালাল যুবক
  • ১৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, লালবাগ: স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করে ঘরে তালা ঝুলিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। পুলিস জানিয়েছে,  মৃতের নাম খুশি সরকার(১৮)। খবর পেয়ে মুর্শিদাবাদ থানার পুলিস তেঁতুলিয়া ঘোষপাড়ার বাড়ির তালা ভেঙে মৃতদেহ উদ্ধার করে। থানার এক আধিকারিক বলেন, মৃতার পরিবার অভিযুক্ত যুবক ও তার মায়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত যুবক ও তার মা পলাতক রয়েছে। তাদের খোঁজ চলছে।
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, সমাজ মাধ্যমে পরিচয়ের সূত্রে হরিহরপাড়া থানার সাহিল শেখের সঙ্গে প্রেম করে বিয়ে হয় তেঁতুলিয়া ঘোষপাড়ার খুশির। বিয়ের এক বছর কাটতে না কাটতেই তারা তেঁতুলিয়া এলাকার শিবতলায় বাড়ি তৈরি করে সংসার যাপন শুরু করে। এরই মধ্যে সাংসারিক বিভিন্ন বিষয় ওই দম্পতির মধ্যে কলহ শুরু হয়। অভিযোগ, মঙ্গলবার রাতে খুশিকে মারধর করে পেশায় রাজমিস্ত্রি সাহিল। পরে খুশির দাদাকে ফোন করে সাহিল জানিয়ে দেয়, বোনকে নিয়ে যাওয়ার জন্য। ওই সময় বাড়িতে উপস্থিত ছিল খুশির শাশুড়ি। বুধবার সকালে রাজমিস্ত্রির কাজে যাওয়ার জন্য সহকর্মীরা সাহিলকে ডাকতে এলে দেখেন, বাইরে থেকে বাড়িতে তালা ঝুলছে। সন্দেহবশত জানালায় উঁকি দিলে তাঁরা দেখতে পান, ওই গৃহবধূ বিছানার উপর পড়ে রয়েছেন। পুলিস উদ্ধার করে লালবাগ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 
মৃতার দাদা আসিক সরকার বলেন, ফোন পেয়ে রাতেই যদি যেতাম তাহলে বোনকে এভাবে মরতে হতো না। যারা আমার বোনকে এভাবে মেরে ফেলল পুলিস তাকে খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দিক। স্থানীয় বাসিন্দাদের দাবি, মৃতার নাক ও কানে  রক্ত লেগেছিল। গলায় কালসিটে দাগ ছিল।
সম্পর্কিত সংবাদ