Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মুর্শিদাবাদে শিশুকন্যাকে যৌন নিগ্রহের অভিযোগে ধৃত কিশোর

মুর্শিদাবাদে শিশুকন্যাকে যৌন নিগ্রহের অভিযোগে ধৃত কিশোর
  • ৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, লালবাগ: চকোলেটের প্রলোভন দেখিয়ে চার বছরের শিশুকন্যাকে ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে যৌন নিগ্রহের অভিযোগ উঠল প্রতিবেশী কিশোরের বিরুদ্ধে। মুর্শিদাবাদ থানা এলাকার ঘটনা জানাজানি হতেই এলাকায় উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে গুধিয়া ফাঁড়ির পুলিস গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়। ওই শিশুকন্যাকে লালবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অতিরিক্ত পুলিস সুপার(লালবাগ) রাসপ্রিত সিং বলেন, চার বছরের শিশুকন্যাকে যৌন নিগ্রহের ঘটনা ঘটেছে। নিগৃহীতার মা মুর্শিদাবাদ থানায় অভিযোগ দায়ের করেছেন। পকসো আইনে মামলা রুজু হয়েছে। অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। 
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেলে ওই শিশু বাড়ির সামনে খেলা করছিল। আশেপাশে কেউ না থাকার সুযোগে অভিযুক্ত কিশোর শিশুটিকে চকোলেটের প্রলোভন দেখিয়ে কিছুটা দূরে ফাঁকা জায়গায় নিয়ে যায়। সেখানে তার উপর যৌন নিগ্রহ চালায় বলে অভিযোগ। শিশুটি কাঁদতে কাঁদতে রক্তাক্ত অবস্থায় বাড়ি ফিরলে পরিবারের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। রাতেই তাকে লালবাগ মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। 
শিশুটির বাবা চেন্নাইয়ে প্লাস্টিকের জিনিস ফেরি করেন। বুধবার রাতে ঘটনা শুনেই তিনি বাড়ির উদ্দেশে রওনা দিয়েছেন। শিশুটির মা বলেন, অভিযুক্ত আমার ছেলের বন্ধু। সেই সূত্রে আমাদের বাড়িতে যাতায়াত রয়েছে। আমাদের এতবড় ক্ষতি করবে ভাবতেও পারিনি। ওকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি। 
সম্পর্কিত সংবাদ