সংবাদদাতা, লালবাগ: লরি নিয়ে এসে মুর্শিদাবাদ পুরসভার জল প্রকল্পের পাইপ চুরির চেষ্টা করা হয়। পুলিসের তৎপরতায় কয়েক লক্ষ টাকার পাইপ চুরি রোখা গিয়েছে। চার দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে। বাজেয়াপ্ত হয়েছে একটি স্কুটিও। পুলিস জানিয়েছে, ধৃতদের নাম হাবিল শেখ, টিটন শেখ, আলমগীর শেখ ও প্রদীপকুমার দে। বৃহস্পতিবার গভীর রাতে মুর্শিদাবাদ থানার স্টেশন রোডের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।
Advertisement
জানা গিয়েছে, মুর্শিদাবাদ পুরসভার জল প্রকল্পের কাজ চলছে। সেই কারণে পুরসভার একাধিক ওয়ার্ডে পাইপ মজুত করে রাখা হয়। বৃহস্পতিবার গভীর রাতে বেশ কয়েকজন দুষ্কৃতী পাইপ চুরির উদ্দেশ্যে লরি নিয়ে লালবাগ শহরে আসে। প্রথমে দক্ষিণ দরজার কাছে মজুত রাখা বেশকিছু লোহার পাইপ লরিতে তোলা হয়। লোহার পাইপ তোলার শব্দ পেয়ে স্থানীয়রা বেরিয়ে এলে দুষ্কৃতীরা লরি নিয়ে পালিয়ে যায়। এরপর স্টেশন রোড সংলগ্ন নাগিনাবাগ এলাকা থেকেও পাইপ চুরির চেষ্টা করে। কিন্তু, এবার আর শেষরক্ষা হয়নি। খবর পেয়ে মুর্শিদাবাদ থানার পুলিস স্টেশন রোডে পাইপ সহ লরিটি আটক করে। চার দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়।



