সংবাদদাতা, লালবাগ: বুধবার সকালে মুর্শিদাবাদ থানার নাগিনাবাগ এলাকায় একটি পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক মহিলার নগ্ন মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে মুর্শিদাবাদ থানার পুলিস মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। এদিন লালবাগ মহকুমা হাসপাতালের মর্গে মৃতদেহের ময়নাতদন্ত হয়। মুর্শিদাবাদ থানার এক পুলিশ আধিকারিক বলেন, প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে বছর পঁয়ত্রিশের মানসিক ভারসাম্যহীন ওই মহিলা রাতে কোনওভাবে পুকুরে পড়ে গিয়ে মারা যান। এদিন সন্ধ্যা পর্যন্ত কেউ মৃতদেহ শনাক্ত করতে আসেননি। মৃত মহিলার পরিবারের খোঁজ পেতে বিভিন্ন থানায় খবর দেওয়া হয়েছে।
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে স্থানীয় কয়েকজন প্রাতঃভ্রমণকারী নাগিনাবাগে রাস্তার পাশের পুকুরে একটি মৃতদেহ ভাসতে দেখেন। মৃতদেহ পুকুরে ভাসছে খবর ছড়িয়ে পড়তেই এলাকাবাসী পুকুর পাড়ে ভিড় জমান। পরবর্তীতে পুলিসে খবর দেন। মৃতদেহের পাশ থেকে একটি নাইলন ব্যাগ উদ্ধার হয়েছে।



