নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কের পরীক্ষা দিতে প্রায় পঞ্চাশ শতাংশ পরীক্ষার্থী হাজির হননি। শনিবার মুর্শিদাবাদ জেলার ২৮টি কেন্দ্রে নির্বিঘ্নেই পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা হল। রবিবারও চলবে এই পরীক্ষা। এই জেলায় মোট ৪৮ হাজার ২৪৭জন পরীক্ষার্থীর পরীক্ষায় বসার কথা। দু’দিন দু’ভাগে চলবে পরীক্ষা। প্রথম দিন ২৪ হাজার ১২৪ জন পড়ুয়ার হাজির হওয়ার কথা থাকলেও হাজির ছিলেন মাত্র ১২ হাজার ৫৪৫জন পড়ুয়া। সকাল সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত এবং আড়াইটা থেকে ৪টে পর্যন্ত দু’টি ভাগে পরীক্ষা নেওয়া হয়। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে কড়া পুলিসি নিরাপত্তায় পরীক্ষা হয়েছে। প্রতিটি কেন্দ্রে পুরুষ ও মহিলা পরীক্ষার্থীদের জন্য আলাদা করে চেকিংয়ের ব্যবস্থা রাখা হয়।
Advertisement
ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার (ডিইও) এষা ঘোষ বলেন, মুর্শিদাবাদ জেলায় উপস্থিতির হার ৫০ শতাংশ। পরীক্ষা দিতে আসেনি ১১ হাজার ৫৭৯ জন। তবে আমাদের এখানে নির্বিঘ্নে পরীক্ষা হয়েছে। কোথাও টোকাটুকি কিংবা মোবাইল ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকার মতো ঘটনা সামনে আসেনি। জেলা প্রশাসনের তরফ থেকে পুলিসকে খুব কড়াভাবে নির্দেশ দেওয়া ছিল, যাতে প্রতিটি পরীক্ষাকেন্দ্রে ঢোকার আগে উপযুক্তভাবে তল্লাশি করা হয়। এদিন সেই সমস্ত নিয়ম মেনেই আমাদের পুলিসকর্মীরা সেই কাজ করেছে।



