সংবাদদাতা, লালবাগ: নভেম্বর মাস পড়তেই নবাবি তালুক মুর্শিদাবাদে একের পর এক বিদেশি পর্যটকের দল আসতে শুরু করেছে। চলতি সপ্তাহে সোমবারের পর শুক্রবার সন্ধ্যায় কলকাতা থেকে জলপথে আরও একটি বিদেশি পর্যটকের দল হাজারদুয়ারি প্যালেস সংলগ্ন নিউ প্যালেস ঘাটে এসে পৌঁছয়। ৪১ সদস্যের ওই দলে আমেরিকা ও অস্ট্রেলিয়ার নাগরিক ছিলেন। শনিবার সকালে দলটি প্রথমে কাটরা মসজিদ যায়। সেখানে কিছুক্ষণ কাটিয়ে মুর্শিদাবাদের নবাবদের শ্রেষ্ঠ স্থাপত্য নিদর্শন হাজারদুয়ারি প্যালেস মিউজিয়ামে আসে। দু’ঘণ্টার বেশি সময় ধরে হাজারদুয়ারি প্যালেস মিউজিয়ামের পাশাপাশি বাইরের চত্বর ঘুরে দেখে। দুপুরে বিদেশি পর্যটকের দলটি কলকাতার উদ্দেশে রওনা দেয়। প্রাক শীতের মরশুম থেকে দর্শনীয় স্থানগুলিতে বিদেশি পর্যটক দলের আগমনে খুশির হাওয়া পর্যটনের সঙ্গে যুক্ত বিভিন্ন মহলে। এবার শীতের মরশুমে স্থানীয়দের পাশাপাশি বিদেশি পর্যটকদের দেখা মিলবে এই আশায় বুক বাঁধতে শুরু করেছেন হোটেল ব্যবসায়ী, গাইড, টাঙাচালক সহ বিভিন্ন পেশার মানুষ।
Advertisement
ইতিহাসের শহর মুর্শিদাবাদে রয়েছে হাজারদুয়ারি প্যালেস মিউজিয়াম, কাটরা মসজিদ, কাঠগোলাপ বাগান, ওয়াসিফ মঞ্জিল সহ বিভিন্ন স্থাপত্য নিদর্শন। এইগুলির আকর্ষণেই বছরভর দেশ-বিদেশের পর্যটকরা মুর্শিদাবাদ ঘুরতে আসেন। ২৫ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস মুর্শিদাবাদের পর্যটনে ভরা মরশুম। ওই সময়ে দর্শনীয় স্থানগুলিতে পর্যটকদের ঢল নামে। চলতি বছরে শীতের ভরা মরশুম শুরুর আগেই দেশ-বিদেশের পর্যটকদের আনাগোনায় স্পষ্ট মুর্শিদাবাদের পর্যটনে সুদিন ফিরছে।
মুর্শিদাবাদ সিটি কল্যাণ সমিতির সম্পাদক স্বপন ভট্টাচার্য বলেন, চলতি মাসে ৪ তারিখে একটি বড় দল এসেছিল। পাঁচদিনের মাথায় আরও একটি বড় দল এল। এটা মুর্শিদাবাদের পর্যটনের ক্ষেত্রে ভালো ইঙ্গিত।
মুর্শিদাবাদ সিটি কল্যাণ সমিতির সম্পাদক স্বপন ভট্টাচার্য বলেন, চলতি মাসে ৪ তারিখে একটি বড় দল এসেছিল। পাঁচদিনের মাথায় আরও একটি বড় দল এল। এটা মুর্শিদাবাদের পর্যটনের ক্ষেত্রে ভালো ইঙ্গিত।



