সংবাদদাতা, লালবাগ: শনিবার দুপুরে মুর্শিদাবাদের শ্রীশনগরে আমগাছ থেকে এক বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। পুলিস জানিয়েছে, মৃতের নাম নকুল প্রামাণিক(৬৫)। পরিবার সূত্রে জানা গিয়েছে, শারীরিক অসুস্থতার কারণে ওই বৃদ্ধ বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। এদিন দুপুরে পরিবারের লোকজনের নজর এড়িয়ে তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করলে বাড়ির পাশে একটি আমগাছে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। উদ্ধার করে লালবাগ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মুর্শিদাবাদ থানার এক আধিকারিক বলেন, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।



