Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মুর্শিদাবাদে আগ্নেয়াস্ত্র সহ ধৃত মালদহের ২ যুবক

মুর্শিদাবাদে আগ্নেয়াস্ত্র সহ ধৃত মালদহের ২ যুবক
  • ৩০ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, লালবাগ: প্রচুর আগ্নেয়াস্ত্র সহ মুর্শিদাবাদে গ্রেপ্তার হল মালদহের দুই যুবক। বৃহস্পতিবার সন্ধ্যায় মুর্শিদাবাদ থানার পুলিস ও জেলা পুলিসের স্পেশাল অপারেশন টিম চুনাখালিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। পুলিস জানিয়েছে, ধৃত সত্যজিৎ মণ্ডল ও শৈলেশ মণ্ডল মালদহের বৈষ্ণবনগর থানার দেওনাপুরের বাসিন্দা। তাদের কাছ থেকে চারটি আগ্নেয়াস্ত্র, আটটি ম্যাগাজিন ও ২০ রাউন্ড গুলি বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।
Advertisement
অতিরিক্ত পুলিস সুপার(লালবাগ) রাসপ্রীত সিং বলেন, ধৃতরা মালদহ থেকে সড়কপথে বহরমপুর বাসস্ট্যান্ডে পৌঁছয়। তারপর বাসে চেপে ডোমকলে আগ্নেয়াস্ত্র হাতবদলের জন্য যাচ্ছিল। খবর পেয়ে নাকা অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ দু’জনকে গ্রেপ্তার করা হয়। এই কারবারের সঙ্গে আরও কারা যুক্ত, তা জানতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ধৃতরা আন্তঃরাজ্য অস্ত্র কারবারের সঙ্গে যুক্ত কি না-সেদিকটাও খতিয়ে দেখা হচ্ছে।
জেলা পুলিসের কাছে খবর ছিল, বৃহস্পতিবার বিকেলে চুনাখালি এলাকা দিয়ে আগ্নেয়াস্ত্র পাচার হবে। সেজন্য ওইদিন দুপুর থেকে জেলা পুলিসের স্পেশাল টিম ও মুর্শিদাবাদ থানার পুলিস চুনাখালি মোড় ও আশপাশের এলাকায় অভিযান শুরু করে। সন্ধ্যার সময় একটি বাসে তল্লাশি চালিয়ে ওই দুই যুবককে আটক করা হয়। তাদের কাছে থাকা একটি ব্যাগ থেকে আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়। পুলিস জানিয়েছে, বহুদিন ধরে ওই দুই যুবক আগ্নেয়াস্ত্রের ক্যারিয়ার হিসেবে কাজ করে। মালদহের কোনও কারবারির কথামতো ডোমকলের কোনও কারবারিকে আগ্নেয়াস্ত্র পৌঁছে দিতে যাচ্ছিল।
সম্পর্কিত সংবাদ