সংবাদদাতা, কাঁথি: অসুস্থ বাবা নার্সিংহোমে চিকিৎসাধীন। বাইকে চেপে তাঁর কাছে যাওয়ার পথে চারচাকা গাড়ির ধাক্কায় মৃত্যু হল ছেলের। মঙ্গলবার বিকেলে মারিশদা থানার ভাঁইটগড় এলাকায় পাঁউশি-কালীনগর রাস্তায় ওই দুর্ঘটনা ঘটে। পুলিস জানিয়েছে, মৃতের নাম চিরঞ্জিত পাত্র(২৮)। তাঁর বাড়ি ভূপতিনগর থানার বরোজ পঞ্চায়েতের পাঁউশি এলাকায়। ওই যুবক চেন্নাইতে কাজ করতেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চিরঞ্জিতের বাবা দীপক পাত্র বেশ কিছুদিন ধরে অসুস্থ। তিনি হেঁড়িয়ায় একটি নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছেন। বাবার কাছে রাতে থাকার কথা ছিল চিরঞ্জিতের। তারজন্য এদিন বাড়ি থেকে বেরিয়ে নিজের বাইকে চেপে হেঁড়িয়ার দিকে যাচ্ছিলেন তিনি। ভাঁইটগড় এলাকায় রাইসমিলের সামনে রাস্তায় পিছন দিক থেকে আসা দ্রুতগতির একটি স্করপিও তাঁকে ধাক্কা মেরে পালিয়ে যায়। বাইকসহ রাস্তায় ছিটকে পড়েন চিরঞ্জিত। স্থানীয় লোকজন তাঁকে আশঙ্কাজনক অবস্থায় খড়িপুকুরিয়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান। পুলিস দুর্ঘটনাগ্রস্ত বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘাতক গাড়িটির সন্ধানে তল্লাশি শুরু হয়েছে বলে জানিয়েছেন ওসি বুদ্ধদেব মাল।
Advertisement
জানা গিয়েছে, এক বছর আগে বিয়ে করেছিলেন চিরঞ্জিত। তাঁর স্ত্রী রুম্পা বর্তমানে অন্তঃসত্ত্বা। স্বামীকে হারিয়ে তিনি শোকে পাথর হয়ে গিয়েছেন। চিরঞ্জিতের জেঠতুতো দাদা প্রসেনজিৎ পাত্র বলেন, ভাই কাকার কাছে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল। সাড়ে ৩টে নাগাদ দুর্ঘটনার খবর পাই।



