সংবাদদাতা, কাঁথি: দীপাবলি উপলক্ষ্যে আলো জ্বালাতে গিয়ে মারিশদা থানার কুঁকড়াওল এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃতের নাম অভিজিৎ বিশাল(৩৩)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার এলইডি আলো দিয়ে বাড়ি সাজানো হয়েছিল। শুক্রবার রাতে আলোয় বিদ্যুৎ সংযোগ করতে গিয়ে কোনওভাবে কাটা তারের সংস্পর্শে চলে আসেন। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি সংজ্ঞাহীন হয়ে পড়েন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বাড়ির লোকজন কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাকে কেন্দ্র করে মৃতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।



