সংবাদদাতা, রামপুরহাট: ময়ূরেশ্বরে গাছ থেকে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হল। পুলিস জানিয়েছে, পেশায় দিনমজুর মৃত যুবকের নাম কানাইলাল দাস(৩২)। বাড়ি ময়ূরেশ্বরের কুলিয়ারা গ্রামে। শুক্রবার সন্ধ্যা নাগাদ বাড়ির পাশে মাঠে একটি গাছে তাঁকে গলায় গামছা জড়ানো অবস্থায় ঝুলতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তড়িঘড়ি তাঁকে নামিয়ে রামপুরহাট মেডিক্যালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃতের দাদা অষ্টম দাস বলেন, ভাই বিভিন্ন জায়গায় ঋণ করেছিল। পাওনাদাররা পরিশোধের জন্য চাপ দিচ্ছিল। এনিয়ে ভাই দুশ্চিন্তায় ভুগছিল। সেই চিন্তা থেকেই ভাই আত্মহত্যা করেছে। পুলিস জানিয়েছে, একটি অস্বাভাবিক মৃত্যুর তদন্ত শুরু হয়েছে।



