Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মুরারইয়ের পশলা-হরিশপুর বেহাল রাস্তা সংস্কার ও সম্প্রসারণের খুশি বাসিন্দারা

মুরারইয়ের পশলা-হরিশপুর বেহাল রাস্তা সংস্কার ও সম্প্রসারণের খুশি বাসিন্দারা
  • ১৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রামপুরহাট: দু’বছরের বেশি সময় ধরে বেহাল ছিল রাস্তা। সংস্কারের দাবিতে সাধারণ মানুষ লড়াই আন্দোলন চালিয়ে আসছিলেন। অবশেষে মুরারইয়ের পলশা গ্রাম থেকে হরিশপুর পর্যন্ত মুর্শিদাবাদের সংযোগকারী গুরুত্বপূর্ণ রাস্তা সংস্কারের কাজ শুরু করল প্রশাসন। পাশাপাশি রাস্তাটি সম্প্রসারণও করা হচ্ছে। স্বভাবতই খুশি এলাকার বাসিন্দারা।
Advertisement
পলশা মোড় থেকে হরিশপুর হয়ে মুর্শিদাবাদের সীমানা পর্যন্ত ১১.৫ কিমি রাস্তাটি দীর্ঘ দু’বছর ধরে বেহাল হয়ে পড়েছিল। সিঙ্গেল রোড হওয়ায় মুখোমুখি গাড়ি এলে একটি গাড়িকে বিপদের ঝুঁকি নিয়েই পিচ রাস্তার নীচে নামতে হচ্ছিল। রাস্তাজুড়ে খানাখন্দ তৈরি হয়েছিল। বৃষ্টির সময় যা মরণফাঁদ হয়ে উঠছিল। আবার রোদ উঠলে ধুলোয় জেরবার হতে হচ্ছিল এলাকাবাসীকে। এমন বেহাল রাস্তা দিয়েই যাতায়াত করতে হচ্ছিল ৩০টিরও বেশি গ্রামের মানুষকে। এই রাস্তা দিয়ে দূরবর্তী এলাকার অনেকেই মুর্শিদাবাদে যাতায়াত করেন। এলাকায় পাথর শিল্পাঞ্চল হওয়ায় ওভারলোডেড যানবাহন থেকে টোটো, ভ্যানরিকশ, বাস সবই ঝুঁকি নিয়ে চলাচল করে। বেহাল রাস্তার সংস্কারের দাবিতে বাসিন্দারা বিভিন্নস্তরে দাবি জানিয়ে আসছিলেন। 
মানুষের এই ক্ষোভকে কাজে লাগাতে বেহাল রাস্তাকেই অন্যতম ইস্যু করে পঞ্চায়েত ভোটে প্রচারও করে বিরোধী দলগুলি। অবশেষে সেই রাস্তা সংস্কারে উদ্যোগী হল পিডব্লুডি রোডস। রাস্তাটি সংস্কার ও সম্প্রসারণের জন্য সাড়ে ১২কোটি টাকা বরাদ্দ হয়েছে। পলশা মোড়ে রাস্তার দু’দিকে বেশ কিছু দোকান গজিয়ে উঠেছিল। রাস্তা সম্প্রসারণের স্বার্থে ব্যবসায়ীরা নিজেরাই উদ্যোগ নিয়ে দোকান ভেঙে দেওয়ার পাশাপাশি সরিয়ে নিয়েছেন।
পিডব্লুডি (রোডস) এর জেলা এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার অভিজিৎ বড়াই বলেন, রাস্তাটি ৩.৩মিটার থেকে বাড়িয়ে ৫.৫মিটার পর্যন্ত বিটুমিনাস করা হচ্ছে। এছাড়া দু’ধারে আরও এক মিটার করে শোল্ডার থাকবে। যাতে একইসঙ্গে আপ ডাউন গাড়ি চলাচলে সমস্যা না হয়। একবছরের মধ্যেই রাস্তাটির সংস্কার ও সম্প্রসারণের কাজ শেষ করার জন্য বলা হয়েছে। বরাত পাওয়া ঠিকাদার সংস্থার তরফে জানানো হয়েছে, জোরকদমে কাজ শুরু হয়েছে। মার্চের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে। 
রাস্তা সংস্কারের কাজ শুরু হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা। তবে গ্রামবাসীদের দাবি, এই রাস্তা দিয়ে পাথরবোঝাই ভারী যানবাহন, যাত্রীবাহী বাস চলাচল করে। তাই মজবুত করে যেন তৈরি করা হয়। না হলে অল্প দিনেই আগের অবস্থায় ফিরবে রাস্তাটি। ফের হাজার হাজার মানুষকে ভোগান্তির মুখে পড়তে হবে।
সম্পর্কিত সংবাদ