Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মুরারইয়ের কনকপুর উচ্চ বিদ্যালয়ে অনিয়মের অভিযোগ, বিডিওর দ্বারস্থ 

মুরারইয়ের কনকপুর উচ্চ বিদ্যালয়ে অনিয়মের অভিযোগ, বিডিওর দ্বারস্থ 
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, রামপুরহাট: ‌‌পড়ুয়াদের উপস্থিতি বেশি দেখিয়ে মিড ডে মিলের জন্য সরকারি বরাদ্দ টাকায় অনিয়ম সহ একাধিক অভিযোগ উঠল মুরারইয়ের কনকপুর উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে। আইনকে বুড়ো আঙুল দেখিয়ে টিআইসি সহ কয়েকজন শিক্ষক স্কুলে সময় না দিয়ে প্রাইভেট পড়াচ্ছেন বলেও অভিযোগ। বিডিওর কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন এলাকার বাসিন্দারা। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মুরারই-১ ব্লকের বিডিও বীরেন্দর অধিকারী। যদিও অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন টিআইসি অনুপকুমার দে।
Advertisement
অভিযোগকারী সাইরুল শেখ, লালন শেখ, খাইরুল বাসাররা জানিয়েছেন, স্কুলে যা পড়ুয়া তার ২০ শতাংশ নিত্যদিন উপস্থিত হয়। অথচ টিআইসি ৭০ শতাংশ উপস্থিত দেখিয়ে মিড ডে মিলের টাকা আত্মসাৎ করছেন। কয়েকজন শিক্ষক নির্দিষ্ট সময়ে স্কুলে আসেন না। তাঁরা প্রাইভেটে পড়ানোয় বেশি সময় দিচ্ছেন। টিউশনি পড়া ছাত্রছাত্রীদের সেমেস্টারের প্রশ্ন বলে দেওয়া হচ্ছে। সেই পড়ুয়াদের বেশি নম্বর দেওয়া হচ্ছে। টিআইসিকে জানানো সত্ত্বেও কোনও পদক্ষেপ করা হয় না। কারণ উনি নিজেই বেনিয়মে যুক্ত। তাই বিডিও সাহেবের কাছে অভিযোগ জানালাম। যদিও টিআইসি বলেন, সমস্ত অভিযোগ ভিত্তিহীন। স্কুলে সিসি ক্যামেরা লাগানো রয়েছে। ফুটেজ খতিয়ে দেখলে সেখানে ‌‌পড়ুয়া ও শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতির হার দেখা যাবে। আসলে গত প্রায় ১০ বছর ধরে সরকারি এই স্কুল বিল্ডিং ব্যবহার করে এলাকার কয়েকজন সকালের দিকে বেসরকারি স্কুল চালাত। আমি প্রধান শিক্ষক হয়ে আসার পর কয়েকমাস আগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সেটি সরিয়ে দেওয়া হয়েছে। সেই আক্রোশেই আমার নামে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। 
বেসরকারি স্কুল চালানোর বিষয়টি স্বীকার করে সাইরুল শেখ বলেন, স্কুল চালানোর সঙ্গে এই অভিযোগের কোনও সম্পর্ক নেই। ২০২৪সালেও গ্রামের লোকজন মিলে একই অভিযোগ করেছিলেন। মাসখানেক ঠিকমতো স্কুল চলার পর বর্তমানে একই অবস্থা হয়ে দাঁড়িয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ