সংবাদদাতা, রামপুরহাট: প্রতিবেশী মহিলাকে পিটিয়ে খুনের দায়ে ছ’জনের যাবজ্জীবন কারাদণ্ড হল। সাজাপ্রাপ্তদের মধ্যে মা ও দুই ছেলে ছাড়াও তাদের তিন আত্মীয় রয়েছে। শুক্রবার রামপুরহাট আদালতে এডিজে সৌগত রায়চৌধুরী এই রায় দেন। সরকারি আইনজীবী সন্তোষ বন্দ্যোপাধ্যায় জানান, ২০১৫ সালের ১৭ জানুয়ারি মুরারইয়ের ধনঞ্জয়পুর গ্রামে একটি পুকুরঘাটে পাঁচিল দেওয়া ঘিরে জাফেলা বেওয়ার সঙ্গে তাঁর প্রতিবেশী সেফটু শেখ ও নেফটু শেখের বিবাদ শুরু হয়। জাফেলা তাঁদের বহুদিনের ব্যবহৃত পুকুরঘাটে পাঁচিল তুলে দেওয়ার প্রতিবাদ করেন। অভিযোগ, এনিয়ে বচসার পর লোহার রড, শাবল দিয়ে জাফেলার মাথায় আঘাত করা হয়। ওই মহিলা রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। মাকে বাঁচাতে এলে জাফেলার ছেলে মইনুদ্দিন শেখ ও তাঁর পরিবারের বেশ কয়েকজনকে মারধর করা হয়। তাঁরা সবাই গুরুতর জখম হন। খবর পেয়ে পুলিস পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে জখমদের রামপুরহাট হাসপাতালে পাঠায়। মইনুদ্দিন থানায় খাইরুন বেওয়া, তার দুই ছেলে সেফটু ও নেফটু শেখ ও তাদের তিন আত্মীয় মমতাজ বিবি, খরিমা বিবি ও চুমকি বিবির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। পুলিস অভিযুক্তদের গ্রেপ্তার করে ৩০২ ধারায় মামলা শুরু করে। পরে অভিযুক্তরা জামিনে মুক্ত হয়। এঘটনায় আদালতে ১৬ জন সাক্ষ্য দিয়েছেন।